৭ এপ্রিল থেকে ভারতের লোকসভা নির্বাচন শুরু

ভারতের নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। ৭ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত মোট নয় ধাপে ভোট গ্রহণ চলবে। ভোট গণনা হবে ১৬ মে। এবারের নির্বাচনে ৮১ কোটি ৪০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। গত নির্বাচনের চেয়ে এবার ভোটার প্রায় ১০ কোটি বেশি। নির্বাচনের জন্য ৯ লক্ষ ৩০ হাজার ভোটকেন্দ স্থাপন করা হবে। এইবারই প্রথম কোনো পার্লামেন্ট নির্বাচনে ভোটাররা চাইলে ইলেট্রনিক ভোটিং মেশিনে ভোট দিতে পারবে। গতকাল বুধবার নির্বাচনের সময়সূচি ঘোষণাকালে প্রধান নির্বাচন কমিশনার ভিএস সম্পথ বলেন, লোকসভা নির্বাচনের মধ্যেই সিকিম, ওডিশা ও অন্ধ্র প্রদেশের বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এপ্রিলের ৭, ৯, ১০, ১২, ১৭, ২৪, ৩০ এবং মে’র ৭ ও ১২ তারিখে লোকসভার ৫৪৫ আসনের মধ্যে ৫৪৩টি আসনে নির্বাচন হবে। এংলো-ইন্ডিয়ান সম্প্রদায় থেকে দুইজন এমপি নির্বাচন করবেন রাষ্ট্রপতি। প্রধান নির্বাচন কমিশনার গণতান্ত্রিক ঐতিহ্য তুলে ধরতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানান। একইসঙ্গে শোভনীয় বক্তব্য দেয়ার জন্যও দলগুলোর প্রতি আহবান জানানো হয়েছে। নির্বাচনের সময়সূচি ঘোষণার সঙ্গে সঙ্গেই নির্বাচনী আচরণ বিধি কার্যকর হয়ে গেছে। যে কারণে কোনও নেতা বা দল বা কেন্দ্রীয় বা কোনও রাজ্য সরকার নতুন কোনও প্রকল্প ঘোষণা বা নির্বাচনী প্রতিশ্রুতি দিতে পারবে না। বর্তমান লোকসভার মেয়াদ আগামী ১ জুন শেষ হবে। ৭ এপ্রিল দুই রাজ্যের ছয়টি লোকসভা আসনে নির্বাচন হবে। ৯ এপ্রিল পাঁচ রাজ্যের ৭টি, ১০ এপ্রিল ১৪ রাজ্যের ৯২টি, ১২ এপ্রিল তিন রাজ্যের পাঁচটি, ১৭ এপ্রিল ১৩ রাজ্যের ১২২টি, ২৪ এপ্রিল ১২ রাজ্যের ১১৭টি, ৩০ এপ্রিল নয় রাজ্যের ৮৯টি, ৭ মে সাত রাজ্যের ৬৪টি ও ১২ মে তিন রাজ্যের ৪১টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গে পাঁচ দফায় আর আসামে তিন দফায় ভোট নেয়া হবে। পশ্চিমবঙ্গে ১৭, ২৪, ৩০ এপ্রিল এবং ৭ ও ১২ মে ভোট নেয়া হবে। ছত্তিশগড়, ওডিশা, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যের মাওবাদী প্রভাবিত এলাকাগুলোতে একদিনে ভোট নেয়া হবে।