বার্ষিক ওয়াজে পীর সাহেব চরমোনাই
নেতারা আল্লাহওয়ালা হলে দাঙ্গা-হাঙ্গামার ঘটনা ঘটত না
লিটন বাশার, চরমোনাই থেকে ফিরে
প্রকাশ : ০৫ মার্চ ২০১৪, ২৩:১৩
চরমোনাই’র পীর সাহেব হযরত মাওলানা মুফতী রেজাউল করিম বলেছেন, চরমোনাই মাহফিলের উদ্দেশ্য মানুষকে আল্লাহ ও আল্লাহর রাসুলের পথে চলার দিক নির্দেশনা দেয়া। চরমোনাই আসার একমাত্র নিয়ত হতে হবে আল্লাহকে রাজি খুশি করা। যদি কেউ দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য কোন কিছু পাওয়ার আশায় চরমোনাই এসে থাকেন তারা নিয়ত পরিবর্তন করে নিন। দেশের বর্তমান রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতির দিকে ইঙ্গিত করে পীর সাহেব বলেন, দেশের নেতারা যদি আল্লাহওয়ালা হতেন তাহলে কোথাও কোনো দাঙ্গা-হাঙ্গামার ঘটনা ঘটত না। সারা বাংলাদেশে মানুষ শান্তিতে বসবাস করতে পারত। ইসলাম শান্তির ধর্ম।
গতকাল বুধবার পীর সাহেব সৈয়দ রেজাউল করিম বাদ জোহর তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের উদ্বোধনী বয়ান করেন। উদ্বোধনী বয়ানে শরিয়ত সম্পর্কে পীর সাহেব বলেন, চরমোনাই দুনিয়া পাওয়ার জায়গা নয়। এখানে আখেরাত পাওয়ার জন্য যারা এসেছেন তাদেরকে অনেক কষ্ট সহ্য করে ঈমানী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তিনি ধৈর্যৈর সঙ্গে তিনদিনের এ মাহফিলে নিয়মিত ওলামায়েকেরামদের বয়ান শোনা এবং সে অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার জন্য অনুরোধ জানান।
মাহফিলের প্রথম দিনেই লাখ লাখ মুসল্লী চরমোনাই’র দরবার শরীফে ভিড় করেন। লাখো মুসল্লীর পদভারে মুখরিত হয়ে কীর্তনখোলার তীরবর্তী এ স্থান। মাহফিল সংলগ্ন নদীর তীরবর্তী এক কিলোমিটার এলাকায় এখন আর নৌযান ভেড়ানোর কোন খালি জায়গা নেই। গতকাল মাহফিলের বিশাল মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সন্ধ্যার পর যারা মাহফিলের উদ্দেশ্যে চরমোনাই এসেছেন তাদেরকে পাশের বিভিন্ন বাড়ির উঠান, বাগান ও রাস্তায় অবস্থান করতে হচ্ছে। নৌযানে আশ্রয় নিয়েও অনেকে মাহফিল শুনছেন। ওয়াজ মাহফিল শোনার সুবিধার্থ দীর্ঘ প্যান্ডেল এলাকায় দুই হাজার মাইক, আট হাজার বৈদ্যুতিক বাতি স্থাপন করা হয়েছে। খাবার পানি যোগানের জন্য নলকূপ স্থাপন করা হয়েছে। বৈদ্যুতিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে ৩১৬ কেভি এবং ৪৮ কেভি’র দুইটি জেনারেটর সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
মাহফিলে আগত মুসুল্লীদের চিকিত্সার জন্য মাহফিল কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় সেখানে ২০০ শয্যা বিশিষ্ট অস্থায়ী হাসপাতাল ও দ্রুত চিকিত্সার জন্য এ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও স্বেচ্ছাসেবক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।