মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা যুক্তরাষ্ট্র গেছেন
প্রকাশ : ০৫ মার্চ ২০১৪, ২৩:১৬
মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা গতকাল বুধবার তিন সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্রে গেছেন। চলতি মাসে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের মিশন প্রধানদের বৈশ্বিক সম্মেলনে যোগ দেবেন তিনি। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি রাষ্ট্রদূত মজীনা যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন দফতর, কংগ্রেস ও ওয়াশিংটন ডিসিতে সুশীল সমাজের সংগে আলোচনায় অংশ নেবেন। এরপর বাংলাদেশি-আমেরিকান প্রবাসী জনগোষ্ঠী, সুশীল সমাজ এবং ব্যবসায়িক নেতৃবৃন্দের সংগে তার অব্যাহত সংযোগ ও আলোচনার অংশ হিসেবে রাষ্ট্রদূত মজীনা নিউইয়র্ক, টেক্সাস ও ক্যালিফোর্নিয়া সফর করবেন। যাতে বাংলাদেশের সংগে যুক্তরাষ্ট্রের ব্যাপক দ্বিপাক্ষিক অংশীদারিত্বের সকল বিষয়াদি এবং অংশীদারিত্ব আরো গভীর করা যায় এমন ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা যায়।