চট্টগ্রাম মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি
প্রকাশ : ০৬ মার্চ ২০১৪, ২১:৫৫
চট্টগ্রাম মেডিক্যাল কলেজকে দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আগামী ১১ মার্চ লালদীঘির ময়দানে জনসভার ডাক দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
মঙ্গলবার রাতে এবিএম মহিউদ্দিন চৌধুরীর সাথে তার চশমাহিলস্থ বাসভবনে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ), স্বাধীনতা চিকিত্সা পরিষদ (স্বাচিপ) ও চট্টগ্রাম মেডিক্যাল শিক্ষক সমিতির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে আগামীকাল ৮ মার্চ মেডিক্যাল কলেজ চত্বরে শোভাযাত্রা, ৯ মার্চ সাংবাদিক সম্মেলন এবং ১১ মার্চ লালদীঘি ময়দানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জনসভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।