জেপি চেয়ারম্যানের সঙ্গে খুলনার নেতৃবৃন্দের সাক্ষাত্

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে জেপির খুলনা মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ সাক্ষাত্ করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ধানমন্ডিস্থ মন্ত্রীর বাসভবনে ২১ সদস্যের প্রতিনিধি দল সাক্ষাত্ করেন। প্রতিনিধি দলটির নেতৃবৃন্দ জেপি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। সাক্ষাত্ অনুষ্ঠানে বন ও পরিবেশ মন্ত্রী খুলনা অঞ্চলে অবস্থিত সুন্দরবন রক্ষায় নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে প্রশাসন ও জনগণের সমন্বয়ে জীববৈচিত্র্য ও দেশীয় বনজ ও ফলদ সম্পদ রক্ষায় জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখতে উপস্থিত নেতৃবৃন্দকে নির্দেশ দেন। তিনি বলেন, একক প্রচেষ্টায় কখনো কোন কাজ শতভাগ বাস্তবায়ন করা যায় না; যতক্ষণ না প্রশাসন ও জনগণের সমন্বয় ঘটে। খুলনা মহানগর জেপির সভাপতি ও কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ শাহীন আজাদের সভাপতিত্বে সাক্ষাত্ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেপির খুলনার উপদেষ্টা মোঃ মুজিবুর রহমান, জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য মোঃ শহীদুজ্জামান শহীদ, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আলী হোসেন, তথ্য সম্পাদক জাহিদুর রহমান চান প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জেপির প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম শান্ত ও যশোর জেলার আহবায়ক মোঃ আমিনুর রহমান। -প্রেস বিজ্ঞপ্তি