ইত্তেফাক রিপোর্ট
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি জনগণের সঙ্গে যোগসূত্র তৈরি করা। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে নবনিযুক্ত তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।
নবনিযুক্ত তথ্য প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘এই মন্ত্রণালয় সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। আমি চাই নতুন প্রতিমন্ত্রীর সঙ্গে টিম ওয়ার্ক করে কাজ করতে। দুজনে মিলে কাজ করলে আমাদের কাজ করা অনেক সহজ হবে।’ তিনি বলেন, ‘আমরা এক সঙ্গে মিলেমিশে কাজ করবো। সরকারের সঙ্গে জনগণের যোগসূত্র তৈরি করবো।’ মন্ত্রণালয়ের কাজ করার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমি কাজ করতে চাই। কাজ করার ক্ষেত্রে সবাই আমাকে সহযোগিতা করবেন।’
অনুষ্ঠানে তথ্য সচিব আব্দুল মালেক, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশিদ, পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলসহ সংস্থার প্রধান ও তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ নবনিযুক্ত তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।