ঝিগাতলায় পোশাক কারখানায় আগুন

রাজধানীর ঝিগাতলায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঝিগাতলার ১৫/বি নম্বর সিদ্দিক ম্যানশন নামের পাঁচ তলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় গ্রিন লিফ অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সোয়া ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় বেঙ্গল গ্যালারি নামে আরো একটি গার্মেন্টস রয়েছে। তবে ওই গার্মেন্টসের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন ইত্তেফাককে বলেন, কারখানায় কিভাবে আগুন লেগেছে সে সম্পর্কে তাত্ক্ষণিকভাবে কিছু জানা যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণও তাত্ক্ষণিকভাবে বলতে পারেননি তিনি। হাজারীবাগ থানার ওসি মো. মাইনুল ইসলাম ইত্তেফাককে বলেন, ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। এ সময় কারখানায় কোনো শ্রমিক ছিলেন না। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছেন। ওসি আরো বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, আগুনে গ্রিন লিফ অ্যাপারেলসের বেশ ভালোই ক্ষতি হয়েছে।