কর্মসংস্থানমুখী পাঠ্যক্রমের ওপর রাষ্ট্রপতির গুরুত্বারোপ

রাষ্ট্রপতি আবদুল হামিদ চাকরির বাজারের চাহিদা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম তৈরির ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, শিক্ষা পাঠ্যক্রম শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। দেখা যাচ্ছে, শিক্ষার্থীরা তাদের আগ্রহ ও পছন্দের বিষয় পড়তে পারেন না। ভর্তি পরীক্ষার মাধ্যমে পাওয়া বিষয় তারা পড়তে বাধ্য হচ্ছেন। এটি উচ্চশিক্ষার কোন মানদণ্ড হতে পারে না। নগরীর বসুন্ধরায় নর্থসাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) নিজস্ব ক্যাম্পাসে ইউনিভার্সিটির ১৭তম সমাবর্তনে রাষ্ট্রপতি গতকাল একথা বলেন। সমাবর্তনে বিভিন্ন অনুষদের ১৪২৫ জন শিক্ষার্থীকে গ্রাজুয়েশন ও পোস্টগ্রাজুয়েশন ডিগ্রির জন্য সম্মাননা প্রদান করা হয়। শিক্ষা কার্যক্রমে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ফারজানা আলমগীর, তাবিনদা ইসলাম ও ফারজানা করিম অর্পিতাকে চ্যান্সেলর গোল্ড মেডেল এবং হানিয়ম মারিয়া ও নাজাত কামরুল ইসলামকে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল পদকে ভূষিত করা হয়। বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর, রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, শিক্ষায় আনন্দ লাভের পাশাপাশি মনোযোগ না থাকলে শিক্ষা স্থায়ী রূপ পাবে না। উচ্চ শিক্ষার বিকাশে সরকার যথেষ্ট গুরুত্ব আরোপ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ইতিমধ্যে অর্ধ-ডজনেরও বেশি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে এবং অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়া হয়েছে। তিনি আরো বলেন, নিজস্ব ক্যাম্পাসের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ প্রণয়ন করা হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ইউজিসি চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, সাবেক মার্কিন কংগ্রেসউইম্যান ও সমাবর্তন বক্তা সাবেক ইউএস কংগ্রেসউইম্যান সিনথিয়া এ্যান ম্যাককিনে, এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলী ও এনএসইউ ভিসি ড. আমিন সরকার অনুষ্ঠানে বক্তৃতা করেন।