অপ্রয়োজনীয় বিদেশ সফরে আগ্রহ কমাতে হবে
প্রকাশ : ০৬ মার্চ ২০১৪, ২২:৪২
নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর ও সভা-সেমিনারের প্রতি অধিক মনোযোগ কমাতে বলেছেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি এমন এক মন্ত্রণালয়ে আছি, যেখানে শুধু বিদেশ সফর আর সভা-সেমিনারের দিকেই সবার বেশি আগ্রহ। মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা ও কতিপয় পরিবেশবিদ শুধু বিদেশ সফরের দিকে মনোযোগ রাখেন। আজকেও (বৃহস্পতিবার) এরকম দুটি আবেদন এসেছে আমার কাছে। এই আগ্রহ যতো কমে আসবে, ততোই মঙ্গল। আমার ধারণা, এই মন্ত্রণালয়ের ৮০ ভাগ অর্থই শুধু দক্ষতা উন্নয়নে ব্যয় হয়।’
৬৫২ কিলোমিটার স্ট্রিপ বাগান
সাতক্ষীরা-১ আসনের মুস্তফা লুত্ফুল্লাহর এক প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন মঞ্জু জানান, সাম্প্রতিক সময়ে আন্দোলনের নামে সারাদেশে সরকারি রাস্তার পাশের গাছ কাটার ফলে পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা পূরণে বন অধিদপ্তর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় চলতি ২০১৩-১৪ অর্থবছরে সারাদেশে বিভিন্ন সড়কের পাশে ৬৫২ কিলোমিটার স্ট্রিপ বাগান সৃজনের পরিকল্পনা নিয়েছে। ঝিনাইদহ-৪ আসনের আনোয়ারুল আজীমের এক প্রশ্নের জবাবে তিনি জানান, সাম্প্রতিক আন্দোলনে সারাদেশে রাস্তার পাশের গাছ কাটার অপরাধে জড়িত দৃষ্কৃতকারীদের বিরুদ্ধে বন বিভাগ ১৪২টি বিভিন্ন ধরনের মামলা করেছে। যশোর-৫ আসনের স্বপন ভট্টাচার্যের এই সংক্রান্ত পৃথক প্রশ্নের জবাবে বনমন্ত্রী জানান, বেআইনিভাবে রোডের গাছ কাটার বিরুদ্ধে কোনো বিশেষ আইন বা কোর্ট করার সিদ্ধান্ত সরকারের আপাতত নেই। কারণ বিদ্যমান বন আইনসহ অন্যান্য আইনেই এই ধরনের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে।
ঢাকা-৬ আসনের জাতীয় পার্টির (জাপা) কাজী ফিরোজ রশীদের এক লিখিত প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন মঞ্জু জানান, বিগত পাঁচ বছরে রাজস্ব কিংবা গড়মূলে সংসদ সদস্যসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে পারমিটের মাধ্যমে কাঠ সরবরাহ করা হয়েছে।
বায়ুদূষণকারী ইটভাটা বন্ধ হবে
কুড়িগ্রাম-৩ আসনের জাপার এমপি এ কে এম মাইদুল ইসলামের এক প্রশ্নের জবাবে পরিবেশ ও বন মন্ত্রী জানান, ইটভাটা আধুনিকায়নের পাশাপাশি ১৯৮৯ সালের ইট পোড়ানো আইনের পরিবর্তে নতুন ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ প্রণয়ন করা হয়েছে। এ আইন চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর করার প্রজ্ঞাপন রয়েছে। এ আইন কার্যকর হলে বায়ুদূষণকারী ইটভাটাসমূহ বন্ধ হয়ে যাবে। একই প্রশ্নের জবাবে তিনি আরও জানান, প্রচলিত সনাতন পদ্ধতির ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনী বিশিষ্ট ইটভাটাসমূহকে অধিক দূষণকারী হিসেবে চিহ্নিত করে পরিবেশ বান্ধব উন্নত প্রযুক্তিতে রূপান্তরের জন্য চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সময়সীমা দেয়া হয়েছে।
সকল ট্যানারিকে ১৮৭ চূড়ান্ত নোটিস
মাইদুল ইসলামের পৃথক এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বুড়িগঙ্গা নদীর পানি দূষণের অন্যতম কারণ হাজারীবাগ এলাকায় অবস্থিত ট্যানারি শিল্পসমূহ। কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার স্থাপনপূর্বক ঢাকার বাইরে সাভারে অবস্থিত ঢাকা চামড়া শিল্প নগরীতে স্থানান্তর করা হচ্ছে। ট্যানারি শিল্পকারখানাকে পরিবেশ সম্মতভাবে স্থানান্তরের জন্য সকল ট্যানারীকে ১৮৭টি চূড়ান্ত নোটিস দেয়া হয়েছে।
একই প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন মঞ্জু আরও জানান, পরিবেশ অধিদপ্তরের আওতায় পরিচালিত মাঠ পর্যায়ের অনুসন্ধানে গত বছরের ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ৬ হাজার ৪১৭টি ইটভাটা রয়েছে। বর্তমানে ৪ হাজার ৪শ’টি ১২০ ফুট ইটভাটা এখনো পরিবেশ বান্ধব আধুনিক পদ্ধতিতে রূপান্তরিত হয়নি। এছাড়া বিচ্ছিন্নভাবে দেশের প্রত্যন্ত এলাকায় ৬৭৪টি বাংলা চিমনী অথবা প্রামচিমনী বিশিষ্ট নিষিদ্ধ পদ্ধতির ইটভাটা রয়েছে।
হিজলা ও মেহেন্দিগঞ্জে স্ট্রিপ বাগান
বরিশাল-৪ আসনের পঙ্কজ দেবনাথের এক প্রশ্নের জবাবে পরিবেশ মন্ত্রী জানান, ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থবছরে বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় যথাক্রমে ১৯ ও ১৪ কিলোমিটার স্ট্রিপ বাগান সৃজনের কর্মসূচি রয়েছে।
সিলেট-৫ আসনের সেলিম উদ্দিনের এক প্রশ্নের জবাবে পরিবেশ মন্ত্রী সংসদকে জানান, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় জলবায়ু পরিবর্তন বিষয়ক ট্রাস্টি বোর্ড কর্তৃক এ পর্যন্ত ২৭০টি (২০৭ সরকারি এবং ৬৩টি এনজিও প্রকল্প) প্রকল্পে প্রায় ১ হাজার ৯শ ৩০ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে ৬৩টি এনজিও প্রকল্পে অর্থায়নের জন্য প্রায় ২৫ কোটি টাকা পিকেএসএফ-কে বরাদ্দ দেয়া হয়েছে। ইতোমধ্যে ৩১টি প্রকল্পের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিএফআইডিসি’তে ১,৩৬৪ পদ শূন্য
নওগাঁ-৬ আসনের ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন মঞ্জু জানান, পরিবেশ ও বন মন্ত্রণালয়াধীন বন অধিদপ্তর ও বিএফআইডিসি’র বিদ্যমান জনবল কাঠামো অনুযায়ী বর্তমানে ১ হাজার ৩৬৪টি পদ শূন্য রয়েছে। প্রথম শ্রেণীর ৩৪টি, দ্বিতীয় শ্রেণীর ৭টি, তৃতীয় শ্রেণীর ৮৬টি এবং চতুর্থ শ্রেণীর ৮২টিসহ মোট ২০৯টি শূন্য পদে জনবল নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। মৌলভীবাজার-২ আসনের আব্দুল মতিনের এক প্রশ্নের জবাবে তিনি সংসদকে জানান, আদালতে দুটি স্বত্বের মামলা বিচারাধীন থাকায় কওলাউড়া কমলগঞ্জ উপজেলার সংরক্ষিত বনের ১০৮ একর ভূমি থেকে জবরদখলকারীদের উচ্ছেদ করার জন্য কার্যক্রম নেয়া সম্ভব হচ্ছে না।