চার মেয়র এমপি হওয়ায় সংশ্লিষ্ট পৌরসভায় এক মাসের মধ্যে নির্বাচন

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর শূন্য হওয়া চার পৌরসভার মেয়র পদে নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী এক মাসের মধ্যে নোয়াখালীর চৌমুহনী, ফেনী সদর, চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর ও ভোলার দৌলতখান পৌরসভার নির্বাচন সম্পন্ন করতে গতকাল বৃহস্পতিবার সংশ্লিষ্ট এলাকায় এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এই চার পৌরসভার মেয়রগণ দশম সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক ও বাকি ৩ পৌরসভার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো ওই চিঠিতে আগামী ৭ এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে নির্দেশনা দেয়া হয়েছে। পৌর মেয়রের পদে থেকে নির্বাচন করে এমপি পদে বিজয়ী হন ৪ জন। এরা হলেন নোয়াখালী-৩ আসনের মামুনুর রশীদ, ফেনী-২ আসনের নিজাম উদ্দিন হাজারী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের গোলাম মোস্তফা বিশ্বাস ও ভোলা-২ আসনের আলী আজম। তারা যথাক্রমে চৌমুহনী, ফেনী, রোহনপুর ও দৌলতখান পৌরসভার মেয়র ছিলেন। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ ওই চার পৌরসভাকে শূন্য ঘোষণা করে।