অপহরণের ২৬ দিন পর নওগাঁয় কলেজ ছাত্রের লাশ উদ্ধার

জেলার মান্দা উপজেলায় অপহরণ হওয়ার ২৬ দিন পর মো. মামুনুর রশীদ সোহেল (২১) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গণেশপুর ইউনিয়নের নীলকুঠি বউমারিডাঙ্গা এলাকায় ইরিধানের ক্ষেত থেকে গতকাল বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সোহেল উপজেলার কামারকুড়ি গ্রামের কাঠ ব্যবসায়ী জনাব আলীর ছেলে এবং আলহেরা কৃষি কলেজের কৃষি ডিপ্লোমা ৫ম সেমিস্টারের ছাত্র। এ ঘটনায় নিহত সোহেলের ৪ সহপাঠী ও বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- উপজেলার উত্তর পারইল গ্রামের মোক্তাদুর আহসান (২০) ও মোস্তফা কামাল (২০), একই এলাকার সাজেদুর রহমান শামীম (১৯) এবং শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামের এখলাসুর রহমান (২০)। আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। নিহতের ভগ্নিপতি আইনাল হক বলেন, ফেরিঘাট এলাকা থেকে গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সোহেল নিখোঁজ হয়। পরে অপহরণকারী চক্র সোহেলকে ফেরত পেতে মোবাইল ফোনে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় নিহত সোহেলের বাবা জনাব আলী গত ১ মার্চ একটি মামলা দায়ের করেন। মান্দা থানার পরিদর্শক (ওসি) আব্দুল্লা হেল বাকি বলেন, সোহেলকে ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মোবাইল ফোনে মোক্তাদুর ও এখলাসুর নীলকুঠি এলাকায় ডেকে নেয়। সেখানে বউমারিডাঙ্গার নির্জন খালের ধারে নিয়ে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়। পরে ঘাতকরা তার লাশটি খালের ধারে একটি জমিতে পুঁতে রাখে। তিনি জানান, মোবাইল ফোনের সূত্র ধরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক শহিদুল ইসলাম শহীদ নিহত সোহেলের ৪ বন্ধুকে গত বুধবার রাতে গ্রেফতার করে। পরে মোক্তাদুর ও এখলাসুরের তথ্য অনুযায়ী নিহতের লাশ উদ্ধার করা হয়।