হামলার ঘটনায় আরো একটি তদন্ত কমিটি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) দুই গ্রুপের হামলা-পাল্টা হামলা, ভাংচুর ও শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আরো একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন ভিসি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। গতকাল বৃহস্পতিবার তিনি এই নির্দেশনা দেন। এর আগে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হামলা, ভাংচুর ও শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি তদন্ত করে একটি প্রতিবেদন গত বুধবার রেজিস্টার অধ্যাপক ডা. সাঈদুর রহমান খসরুর কাছে জমা দেন। গতকাল এই তদন্ত প্রতিবেদন নিয়ে ভিসির সভাপতিত্বে এক সভায় বিস্তারিত আলোচনা হয়। উক্ত তদন্ত প্রতিবেদন বাস্তবায়নে দ্বিতীয় কমিটি পূর্ণাঙ্গ তদন্ত করে জড়িতদের বিরদ্ধে শাস্তি প্রদান সিন্ডিকেটের কাছে সুপারিশ করবেন বলে ভিসি জানান। দ্বিতীয় পাঁচ সদস্যের তদন্ত কমিটির সভাপতি প্রো-ভিসি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ। এদিকে গতকালও মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের দন্ত বিভাগ তালাবদ্ধ ছিল। আগত রোগীরা বিনা চিকিত্সায় ফেরত যান। দন্ত অনুষদের ডীন অধ্যাপক ডা. আলী আজগর মোড়লের ওপর হামলা ও অফিস কক্ষ ভাংচুর করার ঘটনায় জড়িতদের শাস্তি প্রদান না করা পর্যন্ত দন্ত বিভাগের চিকিত্সকরা কর্মবিরতি পালন করে যাবেন বলে জানান। মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হোস্টেলে ওয়েলফেয়ার কমিটি গঠন নিয়ে গত সোমবার স্বাচিপের দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলা, ভাংচুর ও শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটে। গতকাল মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা ২টা থেকে তিনটা পর্যন্ত এক ঘণ্টা বৈঠকে স্বাচিপের দুই গ্রুপের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকে ভিসি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক রুহুল আমিন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ, ট্রেজারার অধ্যাপক জুলফিকার রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক ডা. সাঈদুর রহমান এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. কণক কান্তি বড়ুয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. কামরুল হাসান খান প্রতিনিধিদের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন। শিক্ষক সমিতির পক্ষ থেকে তিন দফা দাবির একটি স্মারকলিপি দেয়া হয়।