সংরক্ষিত আসনে আওয়ামী লীগের ৩৯ জনের নাম ঘোষণা
প্রকাশ : ০৬ মার্চ ২০১৪, ২৩:১০
দশম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে ৩৯ জনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মনোনীতদের নাম ঘোষণা করা হয়। গত বুধবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের সংসদীয় বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত হয়। জাতীয় সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মনোনীত সকলেরই এমপি হওয়ার কোন বাধা নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম আগামী রবিবার দল মনোনীত মহিলা এমপি প্রার্থীদের তালিকা নির্বাচন কমিশনে (ইসি) জমা দেবেন।
৮২২ জন নারী এবার আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদন করেছিলেন। নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্যের সংখ্যা ছিল ৪১। এই ৪১ নারী সংসদ সদস্যের মধ্যে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে নির্বাচিত হন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। আওয়ামী লীগের বাকি ৪০ নারী সংসদ সদস্যের মধ্যে ৩৬ জনই এবার মনোনয়ন বঞ্চিত হয়েছেন। এবার মনোনীতদের অধিকাংশই নতুন মুখ। গতবারের মহিলা সংসদ সদস্যদের মধ্যে অ্যাডভোকেট তারানা হালিম, ফজিলাতুন নেসা বাপ্পী, ফজিলাতুন নেসা ইন্দিরা ও পিনু খান এবারো থাকছেন। গতবার সরাসরি ভোটে বিজয়ী সানজিদা খানম ও নীলুফার জাফর উল্লাহ এবার মহিলা আসনের এমপি হতে যাচ্ছেন। মনোনয়ন পাওয়াদের মধ্যে পেশাগত দিক দিয়ে বেশিরভাগ আইনজীবী। বিডিআর বিদ্রোহে নিহতদের পরিবারের সদস্যরাও রয়েছেন। এবার নতুন যারা মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের মেয়ে মাহজাবিন খালেদও রয়েছেন।
আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত ৩৯ মহিলা হলেন মোছা. সেলিনা জাহান লিটা, অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, অ্যাডভোকেট হোসেনে আরা লুত্ফা ডালিয়া, অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, বেগম আখতার জাহান, সেলিনা বেগম স্বপ্না, সেলিনা আখতার বানু, লায়লা আরজুমান বানু, শিরিন নাঈম (পুনম), কামরুল লায়লা জলি, হেপী বড়াল, রিফাত আমিন, নাসিমা ফেরদৌসী, আলহাজ্ব মিসেস লুত্ফুন্নেছা, মমতাজ বেগম অ্যাডভোকেট, অ্যাডভোকেট তারানা হালিম, মনোয়ারা বেগম, মাহজাবিন খালেদ, ফাতেমা জোহরা রানী, আলহাজ্ব দিলারা মাহবুব আসমা, ফাতেমা তুজ্জহুরা, ফজিলাতুন নেসা ইন্দিরা, পিনু খান, সানজিদা খানম, সাবিনা আক্তার তুহিন, রহিমা আক্তার, অ্যাডভোকেট হোসনে আরা (বাবলী), কামরুন নাহার চৌধুরী (লাভলী), নীলুফার জাফর উল্লাহ, রোখসানা ইয়াসমিন ছুটি, অ্যাডভোকেট নাভানা আক্তার, আসমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, শামছুন নাহার বেগম অ্যাডভোকেট, ফজিলাতুন নেসা বাপ্পী, ওয়াসিফা আয়শা খান, জাহানারা বেগম সুরমা, সাবিহা নাহার বেগম (সাবিহা মুসা), ফিরোজা বেগম চিনু ও সুচিত্র তত্ঞ্চঙ্গ্যাঁ।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের রাজনৈতিক জীবন, জনসম্পৃক্ততা ও দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাদের অবদান বিবেচনা করে এই মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনে ভোট গ্রহণের দিন আগামী ৩ এপ্রিল। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৯ মার্চ, যাচাই-বাছাই ১১ মার্চ ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৮ মার্চ। সংসদে প্রতিনিধিত্বের আনুপাতিক হার অনুযায়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সংরক্ষিত আসনের মধ্যে ৪১টি আসন পাবে। এছাড়া বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) ৬টি ও স্বতন্ত্র প্রার্থীদের জোট পাবে ৩টি আসন। ৪১টি আসনের মধ্যে জোটের শরিকদের (জাসদ, ওয়ার্কার্স পার্টি) জন্য দুটি আসন দেয়া হয়েছে। স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী নবম সংসদে সংরক্ষিত আসনের সদস্য ছিলেন। শিল্পী মমতাজ বেগমও ছিলেন মহিলা আসনের এমপি। তারা দুজনই এবার সরাসরি ভোটে বিজয়ী হয়েছেন।
বাদ পড়লেন যারা
মনোনয়ন থেকে বাদ পড়েছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেসা মোশাররফ, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার, সাধারণ সম্পাদক অপু উকিল, খাদিজা খাতুন শেফালী, আসমা জেরিন ঝুমু, আহমেদ নাজনীন সুলতানা, বেগম এ থিন রাখাইন, চেমন আরা বেগম, জিনাতুন নেসা তালুকদার, জোবেদা খাতুন, নূর আফরোজ আলী, নূরজাহান বেগম, পারভীন তালুকদার, ফরিদা রহমান, তহুরা আলী, সালেহা মোশাররফ, মাহফুজা মণ্ডল, আমিনা আহমেদ, শেফালী মমতাজ, ফরিদা আখতার, রওশন জাহান সাথী, রুবী রহমান, শওকত আরা বেগম, শাহিদা তারেখ দীপ্তি, শাহীন মনোয়ারা হক, সাধনা হালদার, সাফিয়া খাতুন, সুলতানা বুলবুল, সৈয়দা জেবুন্নেছা হক, হামিদা বানু শোভা, হাসিনা মান্নান ও এ এন মাহফুজা খাতুন (বেবী মওদুদ)সহ ৩৬ জন।