এবার গোলযোগ হলেই ভোট বন্ধ :শাহ নেওয়াজ

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কোথাও কোন গোলযোগ হলে তাত্ক্ষণিকভাবে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের তিনি একথা বলেন। শাহ নেওয়াজ বলেন, ইতিমধ্যে নির্বাচনী এলাকার ডিসি-এসপিদের এ ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। মাঠ পর্যায়ের নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দেয়া আছে। এবার কোনভাবে সহিংসতাকারীদের ছাড় দেয়া হবে না। তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচনে ছোটখাট কিছু সহিংসতা হলেও তৃতীয় ধাপের নির্বাচনে কোন ধরনের সহিংসতার সুযোগ নেই। এই ব্যাপারে কমিশন যথেষ্ট সজাগ রয়েছে। দলীয় পরিচয় নিয়ে কেউ সহিংসতা করলে কঠোর শাস্তি দেয়া হবে। সিইসির বিদেশে অবস্থানের বিষয়ে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদের অনুপস্থিতি চলমান উপজেলা নির্বাচনে কোন প্রকার প্রভাব ফেলবে না। তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য ভোটার ও প্রার্থীদের সহযোগিতা কামনা করেন।