আত্রাইয়ে যুবককে গলা কেটে হত্যা

জেলার আত্রাইয়ে জাহাঙ্গীর আলম (৩৩) নামে এক যুবককে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। তিনি এলাকায় অন্যের কৃষি জমিতে কাজ করতেন। উপজেলার মনিয়ারী ইউনিয়নের কচুয়া গ্রাম সংলগ্ন মাঠে গত বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আত্রাই থানার ওসি আব্দুল লতিফ খান। নিহত জাহাঙ্গীর কচুয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। নিহতের স্ত্রী সাথি বলেন জমি কেনাকে কেন্দ্র করে একই গ্রামের কিছু মানুষের সাথে তার বিরোধ ছিল। সরেজমিনে গতকাল বৃহস্পতিবার স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত জাহাঙ্গীর আলম এলাকায় আফাজ উদ্দীনের সেচপাম্প ও জমি দেখাশোনা করতেন। ঘটনার দিন গত বুধবার গভীর রাতে পাশের গ্রামে ইসলামী জালসা শুনে এসে সেচপাম্পের ঘরে তিনি ঘুমাতে আসেন। এরপর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গলা কেটে হত্যার পর তার লাশ ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একই গ্রামের হাসেমুদ্দীনের ছেলে রেজাউল ইসলাম লালু (৩৮) ও তার স্ত্রী লাকী বেগমকে (৩০) আটক করেছে। তার লাশ গতকাল উদ্ধার করে নওগাঁ মর্গে পাঠিয়েছে পুলিশ।