রাবিতে সান্ধ্য মাস্টার্স কোর্স থাকছেই : উপাচার্য
প্রকাশ : ০৭ মার্চ ২০১৪, ২০:৩৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স থাকছেই। যেখানে দেশের অন্য বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চলছে সেখানে আমরা এককভাবে এ ধারাকে বন্ধ করতে পারি না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ ও অনুষদের সুপারিশের ভিত্তিতে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের মাধ্যমে কোর্সের বিষয়টি অনুমোদিত হয়েছে। তাই হঠাত্ করে এটি বন্ধ করা যাবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন। দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১০ মার্চ বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার আগে গত ২ ফেব্রুয়ারির ঘটনা ও সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্তের ব্যাপারে শিক্ষার্থীদের কোনো অভিযোগ থাকলে এব্যাপারে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে বৈঠক করা হয়েছে। আরো আলোচনা করা হবে। ছাত্রদের দাবির ব্যাপারে প্রয়োজনে উন্মুক্ত বিতর্কের আয়োজন করা হবে। তিনি আরো বলেন, ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত সংঘর্ষ এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড খতিয়ে দেখতে সিন্ডিকেট একটি তদন্ত কমিটি গঠন করেছে।
২ ফেব্রুয়ারির ঘটনার সময় শিক্ষার্থীদের ওপর পুলিশের অ্যাকশন ও ছাত্রলীগের অস্ত্র উঁচিয়ে গুলির প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত পরিপ্রেক্ষিতে পুলিশের অ্যাকশনের ব্যাপারে খতিয়ে দেখা হবে। এছাড়া যারা অস্ত্র ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে।