রাষ্ট্রপতি ১০ মার্চ রামু যাচ্ছেন
রামু (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ০৭ মার্চ ২০১৪, ২০:৩৫
আগামী ১০ মার্চ পর্যটন উপজেলা কক্সবাজারের রামু সফর করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি রামুর বেশ ক’টি বৌদ্ধবিহারসহ বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন করবেন। এ উপলক্ষে সাজ সাজ রব এখন বৌদ্ধপল্লীগুলোয়।
রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন ও সফল করতে প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বৌদ্ধবিহার ও পর্যটন স্পটের দায়িত্বশীল কর্তৃপক্ষ। ২৯ সেপ্টেম্বরের সহিংসতার শিকার বৌদ্ধপল্লীগুলোতে রাষ্ট্রপতির সফরের খবরে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রামু উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি আবদুল হামিদ রামু সফরকালে ফতেখাঁরকুল ইউনিয়নের মেরংলোয়া গ্রামে কেন্দ্রীয় সীমাবিহার, রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি এলাকায় ১০০ ফুট সিংহশয্যার বুদ্ধমূর্তি সংবলিত বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র, ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকুল এলাকার মৈত্রী বিহার, লাল চিং, সাদা চিং, অপর্ণা চরণ বৌদ্ধবিহার পরিদর্শন করবেন।