ভোটের ময়দান ছাড়তে নারাজ আওয়ামী লীগের ২ বিদ্রোহী
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ০৭ মার্চ ২০১৪, ২০:৩৫
আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহানের মৃত্যুর পর টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপ-নির্বাচনে আসনটি ধরে রাখতে ঐক্যবদ্ধ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দলীয় প্রার্থী কেন্দ্রীয় প্রজন্ম লীগের সহ-সভাপতি প্রয়াত শওকত মোমেন শাহজাহানের ছেলে অনুপম শাহজাহান জয়ের পক্ষে একাট্টা হয়ে কাজ করতে মাঠে নেমেছেন নেতা-কর্মীরা। তবে আ’লীগের দুইজন বিদ্রোহী প্রার্থীই নির্বাচনে অংশ নিতে এখনও অনড় অবস্থানে রয়েছেন। এ আসনে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় তিনি বৃহস্পতিবার পর্যন্ত হাইকোর্টে রিট করেননি। দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী এ কথা জানান। তবে আগামীকাল শনিবার দলের বর্ধিত সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে নেমেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সখীপুর বোয়ালী কলেজের অধ্যক্ষ আবু সাঈদ আজাদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা মুক্তিযোদ্ধা আবদুল মালেক মিঞা। অন্যদিকে আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী অধ্যক্ষ আবু সাঈদ আজাদের মনোনয়নপত্র নির্বাচন কমিশন বাতিল করলেও তার করা হাইকোর্টের রিট আপিলে গত মঙ্গলবার মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়।
সখীপুর উপজেলা আ’লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ জানান, দলীয় প্রার্থী অনুপম শাহজাহান জয়কে নির্বাচিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। বাসাইল উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মশিউর রহমান আপেল বলেন, আ’লীগের নেতৃত্বে বাসাইলবাসী অনুপম শাহজাহান জয়কে নির্বাচিত করবে।