উদীচী ট্র্যাজেডির দেড় দশক

জড়িতদের বিচার না হওয়ায় যশোরে বিক্ষোভ

হত্যাযজ্ঞের ‘খলনায়কদের’ প্রতি ঘৃণা আর তাদের বিচারের মুখোমুখি না করায় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশের মধ্য দিয়ে বৃহস্পতিবার যশোরে উদীচী ট্র্যাজেডির দেড় দশক পূর্তি দিবস পালিত হয়েছে। বিকালে স্থানীয় টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতাকালে ১৫ বছরেও নৃশংস এ হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচন না হওয়ায় আলোচকরা উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজনৈতিক হস্তক্ষেপ আর তদন্ত কর্মকর্তাদের অবহেলার কারণেই এ মামলাটির অপমৃত্যু হয়েছে। তারা অবিলম্বে পুনঃতদন্তের কাজ শেষ করে প্রকৃত খুনিদের বিচারের মুখোমুখি করার দাবি জানান। প্রতিবাদী এ অনুষ্ঠানে যোগ দিয়ে খুনিদের প্রতি ধিক্কার আর প্রকৃত খুনিদের বিচারের মুখোমুখি না করায় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন উদীচী ট্র্যাজেডির শিকার সাংস্কৃতিক কর্মী ও নিহতদের পরিজনরাও। তারা অবিলম্বে এ ব্যাপারে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। উদীচীর জেলা সভাপতি সোমেশ মুখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্বপন ভট্টাচার্য এমপি, অ্যাডভোকেট কাজী আব্দুস শহীদ লাল, পীযূষ কান্তি ভট্টাচার্য, রবিউল আলম, হারুন অর রশীদ প্রমুখ। আলোচনা সভা ছাড়াও দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শহীদ স্মারকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান ও মশাল প্রজ্বলন। উল্লেখ্য, ১৯৯৯ সালের ছয় মার্চ রাতে যশোর টাউন হল ময়দানে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনে পরপর দুইটি বোমা বিস্ফোরণে ১০ জন নিহত ও দুই শতাধিক সাংস্কৃতিক কর্মী এবং নারী, পুরুষ আহত হয়।