সিরাজগঞ্জে নির্মাণাধীন ট্রমা হাসপাতালের নাম হবে শেখ হাসিনার নামে ----------- মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জে নির্মাণাধীন ট্রমা হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন শেষে গতকাল মঙ্গলবার বিকালে সংক্ষিপ্ত এক সমাবেশে এই হাসপাতালের নাম ‘শেখ হাসিনা ট্রমা হাসপাতাল’ নামকরণের প্রস্তাব করেছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি। তিনি বলেন, শেখ হাসিনা ট্রমা হাসপাতালের নির্মাণ কাজ শেষ হলে এটি হবে উত্তরাঞ্চলের দুর্ঘটনায় আহত মানুষের উন্নত চিকিত্সার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়িতে নির্মাণাধীন এই হাসপাতালের নির্মাণ কাজে ব্যয় হচ্ছে প্রায়   এগার কোটি টাকা। ১৮ মাসে এর নির্মাণ কাজ শেষ হবে।

মোহাম্মদ নাসিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিরাজগঞ্জে যমুনা নদীর ভাঙন থেকে মানুষকে রক্ষা করেছেন, মেডিক্যাল কলেজ স্থাপন করেছেন, চার লেন সড়ক নির্মাণসহ অনেক মেঘা প্রকল্পে উন্নয়ন কাজ করেছেন। মমতাময়ী এই নেত্রীর নামেই সিরাজগঞ্জে ট্রমা হাসপাতাল নামকরণ সময়ের দাবি। তিনি এ জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে পত্রও পাঠিয়েছেন বলে উল্লেখ করেছেন। এর আগে তিনি মুলিবাড়িতে জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং পরে মনসুর আলী স্মৃতিবিজড়িত কুড়িপাড়ায় রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন।

এ সময় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, সিরাজগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী তালুকদার, প্রচার সম্পাদক শামসুজ্জামান আলো, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, রাশেদ ইউসুফ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।