ফাইনালের আগে লংকান অধিনায়ক

‘সেরা খেলা খেলতে হবে’

আগের দিনই ছিল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। তাই ফাইনালের আগে অনুশীলনে আসেনি এশিয়া কাপে এখন পর্যন্ত অপরাজিত দল শ্রীলঙ্কা। বিকালে টিম হোটেলে সংবাদ মাধ্যমগুলোর সাথে মুখোমুখি হয়েছিলেন দলের অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। আর সংবাদ সম্মেলনে এসে জানিয়ে দিলেন সেরা খেলা খেলেই শিরোপা জিততে চায় তার দল। পাকিস্তানের সাথে ফাইনাল, কতোটা চ্যালেঞ্জিং? অ্যাঞ্জেলো ম্যাথুস: পাকিস্তানের সাথে ফাইনাল ম্যাচ অবশ্যই চ্যালেঞ্জিং। কোনো ম্যাচই কিন্তু সহজ ছিলো না। প্রত্যেকটি ম্যাচেই আমাদের কঠিন পরিশ্রম করতে হয়েছে। এশিয়া কাপের শুরুতে পাকিস্তানের সাথে একটি ম্যাচ খেলেছিলাম আমরা। সেটিও খুব কঠিন ছিলো। আমি মনে করি, ফাইনালেও পাকিস্তানের সাথে পরিশ্রম করেই খেলতে হবে। আফ্রিদি-উমর গুলসহ পাকিস্তান দলের চারজন খেলোয়াড় ইনজুরিতে। আপনি কি মনে করেন এতে শ্রীলঙ্কার জন্য কিছুটা হলেও সহজ হয়ে গেলো পরিস্থিতি? অ্যাঞ্জেলো ম্যাথুস: আমি তা মনে করি না। এর আগে আফ্রিদি ও গুল থাকা অবস্থায়-ই পাকিস্তানকে হারিয়েছি। আমরা আসলে পাকিস্তানের আলাদা আলাদা খেলোয়াড়ের প্রতি কোনো খেয়াল দিচ্ছি না। পাকিস্তান দল হিসেবে সব সময়ই ভালো। তাদের ভালো ব্যাটসম্যান আছে, দারুণ বোলাররা আছে, আছে দুরন্ত ফিল্ডারও। তাই পাকিস্তানের বিপক্ষে জিততে সেরা ক্রিকেটই খেলতে হবে। দু’দলের দু’জন বিশ্বমানের স্পিনার আছেন। শ্রীলঙ্কার মেন্ডিস, পাকিস্তানের আজমল। কাকে এগিয়ে রাখবেন? অ্যাঞ্জেলো ম্যাথুস: তারা দু’জন দু’রকম। সাঈদ আজমল দীর্ঘদিন ধরে পাকিস্তানের হয়ে দারুণ খেলছেন। মেন্ডিসও শ্রীলঙ্কার গত কয়েকটি ম্যাচে অসাধারণ বোলিং করেছেন। আমি মনে করি দু’জনই যার যার দলের জন্য বিশেষ কাজে আসবেন। তারা দুজনই ভিন্ন ভিন্নভাবে প্রতিপক্ষকে আক্রমণ করবেন। আগামীকালের ম্যাচের প্রধান লক্ষ্য কী? অ্যাঞ্জেলো ম্যাথুস: আগামীকাল আমাদের প্রধান লক্ষ্য থাকবে ইতিবাচক ক্রিকেট খেলা। গত ছয়টি সপ্তাহ ধরে আমরা যেমন ক্রিকেট খেলে এসেছি, ফাইনালে পাকিস্তানের বিপক্ষেও সেভাবে খেলতে চাই। তাতেই আশা করি, প্রত্যাশিত ফলাফল পাবো আমরা। শ্রীলঙ্কার খেলা গত কয়েকটি ফাইনাল ভালো যায়নি, হেরে গেছে তারা। তবে কি ফাইনালে আত্মবিশ্বাসহীনতায় ভোগে শ্রীলঙ্কা? অ্যাঞ্জেলো ম্যাথুস: না, ফাইনালের আগে এসব নিয়ে কথা বলতে চাই না! আগে কী হয়েছে তা ভাবতে চাই না। অতীত তো অতীতই। আমরা আপাতত ভবিষ্যতের কথা ভাবতে আগ্রহী। আমরা এ ফাইনালে সেরা ক্রিকেট খেলতে চাই। প্রত্যাশিত ফলাফল হবে বলেই আমার আত্মবিশ্বাস। দু’দলেই একাধিক ম্যাচ উইনার আছেন। তো ফাইনালে কে কে ম্যাচের চেহারা বদলে দিতে পারেন বলে মনে করেন? অ্যাঞ্জেলো ম্যাথুস: যে কেউ যে কোনো মুহূর্তে ম্যাচের চেহারা বদলে দিতে পারে। আলাদা করে নাম বলার কিছু নেই। যারা ভালো খেলবে, তারাই ভালো করবে ফাইনালে। দল নির্বাচন নিয়ে কোনো চিন্তা আছে কিনা? অ্যাঞ্জেলো ম্যাথুস: হ্যা, দল নির্বাচন নিয়ে কিছুটা সমস্যা তো আছেই। কারণ সবাই ভালো করছে। কাকে ফেলে কাকে দলে নিবো! আমি মনে করি এ ধরনের সমস্যাটা দলের জন্য ভালোই। জয়াবর্ধনে রান পাচ্ছেন না, এটা কি কোনো চিন্তায় ফেলে দিচ্ছে আপনাকে? অ্যাঞ্জেলো ম্যাথুস: কখনোই না। জয়াবর্ধনে বড় ম্যাচের খেলোয়াড়। সে যেকোনো মুহূর্তে রানে ফিরবে। তাকে নিয়ে আমার কোনো চিন্তাই নেই।