ওয়াসিমের সতর্কবার্তা!

এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন তারা। সামপ্রতিক সময়ের ফর্ম বিবেচনাতেও দারুণ ফর্মে আছে পাকিস্তান। কিন্তু ফাইনালের লড়াই যখন শ্রীলঙ্কার সাথে তখন ম্যাচটাকে হালকা ভাবে নেয়ার কোন সুযোগ নেই। ফাইনালের আগে তাই পাকিস্তানকে সতর্ক করেই দিলেন দেশটির সাবেক অধিনায়ক ও বর্তমান ধারাভাষ্যকার ওয়াসিম আকরাম। টুর্নামেন্টে পাকিস্তান চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে জিতে ফাইনালের টিকেট পেয়েছে। যে একটি ম্যাচে হেরেছে সেটা আবার ওই শ্রীলঙ্কার বিপক্ষেই। পাকিস্তানকে সেই হারের কথা মনে করিয়ে দিয়ে কিংবদন্তী ফাস্ট বোলার ওয়াসিম আকরাম বলেন, ‘পাকিস্তান নিঃসন্দেহে ভাল ক্রিকেট খেলেছে। কিন্তু বোলিং নিয়ে তাদের কিছু কাজ করতে হবে। অফ স্ট্যাম্পের বাইরে বল না দিয়ে সোজাসুজি বল ফেলতে হবে। আশা করি ফাইনালে তারা নিজেদের ভুল থেকে শিক্ষা নিবে। যেকোন সময়ে শ্রীলঙ্কা দল ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই ব্যাপারে পাকিস্তানকে অবশ্যই সতর্ক থাকতে হবে।’ ১০৪ টেস্ট ও ৩৫৬টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা সম্পন্ন সাবেক এই ক্রিকেটার অবশ্য টুর্নামেন্টে এখন পর্যন্ত পাকিস্তানের পারফরম্যান্সে নিজের সন্তুষ্টির কথাই জানিয়েছেন, ‘বোলিংয়ের ব্যাপারটা বাদ দিলে এই মুহূর্তে পাকিস্তান দল বেশ ভাল ফর্মে আছে। এরপরও ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ সতর্কতা ধরে রেখে খেলতে হবে। কারণ অ্যাঞ্জেলো ম্যাথুসের দলটি এশিয়া কাপের প্রতিটি ম্যাচেই দারুণ পারফর্ম করেছে।’ এশিয়া কাপ তো বটেই, দেড় মাসের বাংলাদেশ সফরে এখন পর্যন্ত শ্রীলঙ্কা হারেনি একটি ম্যাচও। ফাইনালেও তারা জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে বলে মন্তব্য করেন ওয়াসিম আকরাম। ফাইনালে শ্রীলঙ্কাকে আটকানোর পথে শহীদ আফ্রিদি দারুণ এক ভূমিকা রাখতে পারেন বলেই মনে করছেন ওয়াসিম, ‘আফ্রিদির অসাধারণ ব্যাটিং তাণ্ডব ভারত ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচের ভাগ্য পাল্টে দিয়েছে। তার ব্যাপারে আসলে নতুন করে বলার কিছু নেই। আশা করি ফাইনালেও মনে রাখার মতো কিছু একটা করবে শহীদ আফ্রিদি।’ বাংলাদেশের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নেমেই ফাওয়াদ আলম খেলেছিলেন ৭৪ রানের এক ইনিংস। ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ রানের ইনিংস খেলার পর ওয়াসিম আকরামের প্রশংসা পেলেন এই ব্যাটসম্যান, ‘তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দলের জয়ে ফাওয়াদ দারুণ ভূমিকা রেখেছে। তার ইনিংসটা আমাদের জন্য বেশ কার্যকর ছিল। ঠিক যখন দরকার তখনই ছক্কা এসেছে তার ব্যাট থেকে।’