আকমলের হয়ে ক্ষমা চাইলেন তার বাবা

ট্রাফিক আইন ভঙ্গ ও ট্রাফিক পুলিশকে মারধোরের ঘটনায় উমর আকমলের পক্ষ থেকে তার পিতা ট্রাফিক পুলিশের কাছে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন বলে জানা গেছে। গত মাসে লাহোর ট্রাফিক পুলিশ ও উমরের মধ্যে এক অপ্রীতিকর ঘটনা ঘটে। যা নিয়ে মামলা হয় এবং উমরকে এক রাত হাজত বাস পর্যন্ত করতে হয়। শেষ পর্যন্ত ট্রাফিক পুলিশের কাছে ক্ষমা চেয়ে সমস্যার সমাধান করলেন তার পিতা। ছেলের অশোভন আচরণের কারণে তার পক্ষ থেকে ট্রাফিক পুলিশের ডিআইজি জুলফিকার বাবরের কাছে লিখিতভাবে আকমলের বাবা নি:শর্ত ক্ষমা চেয়েছেন বলে জানা গেছে। স্থানীয় ডন নিউজে প্রকাশিত খবর অনুযায়ী আকমলের বাবা ব্যক্তিগতভাবে ঐ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সঙ্গে দেখা করেন এবং জানান চলমান এশিয়া কাপ খেলতে ছেলে বাংলাদেশে অবস্থান করায় তার সামনে হাজির হতে পাছেন না। আর এই ক্ষমা প্রার্থনার পরিপ্রেক্ষিতে লাহোর পুলিশ তাদের অভিযোগ প্রত্যাহার করে নেন। দেশটির কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামও ট্রাফিক আইন ভঙ্গ করে গত মাসে ৫০০ রুপি জরিমানা দিয়েছেন। বাসস/ডন।