প্রধান দুই দলের দায়িত্ব জনগণের অধিকার নিশ্চিত করা
- ড. রেহমান সোবহান
প্রকাশ : ০৭ মার্চ ২০১৪, ২১:৫১
বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান ড. রেহমান সোবহান বলেছেন, রাজনৈতিক সংকট উত্তরণে একে অপরকে দোষারোপের বদলে প্রধান দুটি রাজনৈতিক দলকে আলোচনায় এগিয়ে আসতে হবে। যত দ্রুত আলোচনা শুরু হবে ততই দেশের জন্যে মঙ্গল বয়ে আনবে। তাদের অন্যতম দায়িত্ব দেশে জনগণের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা।
শুক্রবার রাজধানীর বসুন্ধরা সিটিতে এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘নির্বাচনী বিতর্ক’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে ড. রেহমান সোবহান এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে ‘বিরোধী জোটের সাথে রাজনৈতিক সমঝোতায় সরকারের আন্তরিকতা নিয়ে’— ছায়া সংসদে বিরোধী দল হিসেবে চ্যাম্পিয়ন ইবাইস ইউনিভার্সিটি ও রানার আপ হয়েছে প্রতিযোগিতার সরকারি দল নর্থ সাউথ ইউনিভার্সিটি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এটিএন বাংলা’র অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা নওয়াজীশ আলী খান, বিএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম. কে. বাশার। উপস্থিত ছিলেন ইবাইস ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আরিফুর রহমান, নর্থ-সাউথ ইউনিভার্সিটির রেজিস্টার মো. শাজাহান প্রমুখ।