আইসিইউ বেড স্থাপনে খরচ ৫৩ লাখ, সিসিইউ বেডে ২৩ লাখ টাকা

প্রতিটি আইসিইউ বেড স্থাপনের জন্য গড়ে প্রায় ৫৩ লাখ টাকা এবং প্রতিটি সিসিইউ বেড স্থাপনের জন্য গড়ে প্রায় ২৩ লাখ টাকা খরচ পড়বে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন গতকাল মঙ্গলবার হাইকোর্টে দাখিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া, দেশের সরকারি হাসপাতালে ৩৪০টি ও বেসরকারি হাসপাতালে ৫৭৩টি আইসিইউ বেড রয়েছে। এ ছাড়া বেসরকারি হাসপাতালগুলোতে সিসিইউ বেড রয়েছে ৩৪৪টি। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টে ডিভিশন বেঞ্চে গতকাল মঙ্গলবার এ প্রতিবেদন দাখিল করেন রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশের সকল স্থান থেকে এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে। সম্পূর্ণ তথ্য সংগ্রহ শেষ হলে পরবর্তীকালে হালনাগাদ পূর্ণাঙ্গ তথ্য প্রদান করা সম্ভব হবে।

এ দিকে, সরকারি হাসপাতালে কতগুলো সিসিইউ বেড রয়েছে সে বিষয়ে পূর্ণাঙ্গ তালিকা ২৬ জুনের মধ্যে আদালতে দাখিল করতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ডিএজি বলেন, যে তালিকা দেওয়া হয়েছে সেখানে সরকারি হাসপাতালে কতগুলো সিসিইউ বেড রয়েছে সেটা উল্লেখ ছিল না। এখন আদালত ওই তালিকা দিতে বলেছে।

গত ৭ মার্চ সারাদেশের সরকারি-বেসরকারি হাপাতালগুলোতে কতগুলো আইসিইউ, সিসিইউ বেড রয়েছে তার সংখ্যা নিরূপণ করে তালিকা দাখিলের নির্দেশ দেয় হাইকোর্ট। একইসঙ্গে একটি আইসিইউ-সিসিইউ বেড স্থাপন করতে কি পরিমাণ টাকা, কত জনবল ও কতজন বিশেষজ্ঞ প্রয়োজন হয় সে বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়।