পুঁজির দাসত্ব থেকে চাই নারী মুক্তি

আন্তর্জাতিক নারী দিবসের প্রকৃত তাত্পর্য একটি সমাজের শ্রম ও পুঁজির দ্বন্দ্বের অবসান এবং নারী হিসেবে বাড়তি যে শোষণের শিকার হচ্ছে তার থেকে মুক্তিলাভ। পুঁজিবাদী সমাজে নারীরা দুইভাবে শোষিত হয়। একদিকে পুঁজির শোষণ অন্যদিকে পুরুষতান্ত্রিক সমাজের শোষণ ও নিগ্রহ। এই পুঁজির দাসত্ব থেকে গোটা সমাজকে মুক্ত না করে নারী সমাজের প্রকৃত মুক্তি সম্ভব নয়। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারী সেল আয়োজিত নারী সমাবেশ দলের সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এসব কথা বলেন। প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাঘরের চেয়ারপার্সন অধ্যাপিকা মাহফুজা খানম, শিক্ষাবিদ এ. এন রাশেদা, কৃষক নেত্রী লীনা চক্রবর্তী, সিপিবি’র কেন্দ্রীয় নেতা মাকছুদা আক্তার লাইলী, মনিরা বেগম অনু, ফেরদৌস আরা মাহমুদা হেলেন, আইনুন নাহার সিদ্দিকা, বহ্নি শিখা জামালী, শম্পা বসু, হাজেরা সুলতানা, শিমুল খান, লাকী আক্তার প্রমুখ।