পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, পাকিস্তানি নাগরিকদের ভিসা বন্ধ করেনি বাংলাদেশ। বরং উল্টো বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না পাকিস্তান। মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ করেছে বাংলাদেশ সংক্রান্ত খবর প্রকাশের পর প্রেস ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশের কিছু কর্মকর্তাকে ভিসা দিচ্ছে না পাকিস্তান। ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার শাখায় নিয়োগপ্রাপ্ত একজন কর্মকর্তার ভিসা দিচ্ছে না পাকিস্তান। যারা ভিসা দেয় তাদেরই ভিসা দিচ্ছে না দেশটি। ফলে অন্য একজন কর্মকর্তা কনস্যুলার শাখার ভিসা ইস্যুর কাজ করতেন। এই কর্মকর্তাও তার ভিসা নবায়নের জন্য গত জানুয়ারি মাসে আবেদন করেন। তাও দেয়নি পাকিস্তান সরকার। ফলে কাজ করবে কীভাবে?
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্ক কিংবা অন্য কোনো কারণে কোনো ব্যক্তিকে ভিসা নাও দেওয়া হতে পারে। তবে ভিসা দেওয়ার প্রক্রিয়া বন্ধ হয়নি। সংবাদপত্রে এ সংক্রান্ত ভুল তথ্য ছাপা হয়েছে। আমরা আশা করব, পাকিস্তান ভিসার পেন্ডিং কেসগুলো দ্রুত নিষ্পত্তি করবে। পাকিস্তানের সঙ্গে আমরা এ ব্যাপারে যোগাযোগ করছি।
প্রসঙ্গত, বাংলাদেশে পাকিস্তানের কোনো হাইকমিশনার নেই। এক বছরেরও বেশি সময় ধরে ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজ চালাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, পাকিস্তান একজনকে হাইকমিশনার হিসাবে প্রস্তাব করেছিল। সেই প্রস্তাব কোনো কারণে গ্রহণ করা হয়নি। পাকিস্তান নতুন কোনো প্রস্তাব দেয়নি। প্রস্তাব দিলে বিবেচনা করা হবে।