চুক্তি স্বাক্ষরে অস্বীকৃতি লংকান ক্রিকেটারদের

নিজেদের দাবিকৃত অর্থ না পাওয়ায় ক্রিকেট বোর্ডের সঙ্গে নতুন চুক্তিপত্রে স্বাক্ষর করতে অস্বীকার করেছেন শ্রীলংকার ক্রিকেটাররা। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইভেন্ট থেকে পাওয়া লভ্যাংশের অর্থ দাবী করছিলেন ক্রিকেটাররা। কিন্তু শ্রীলংকা ক্রিকেট (এসএলসি) তাদের সে দাবী পূরণ না করায় নতুন চুক্তিতে অর্থের পরিমাণ বাড়ানো সত্ত্বেও সেখানে স্বাক্ষর করতে অস্বীকার করেছেন খেলোয়াড়রা। এসএলসি সূত্রের উল্লে¬খ করে স্থানীয় ডেইলি মিরর পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, ‘বাংলাদেশে অবস্থানরত খেলোয়াড়দের কাছে পাঠানো চুক্তিপত্রে স্বাক্ষর করতে অস্বীকার করেছে ক্রিকেটাররা। পরিচালনা পর্ষদের পাঠানো ই-মেইলকে অগ্রাহ্য করেছেন তারা।’ গত সপ্তাহে প্রকাশিত তালিকায় সব ক্যাটাগরির খেলোয়াড়দের জন্যই সাত শতাংশ বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে এসএলসি। তবে বিশ্বকাপসহ আইসিসি ইভেন্টগুলো থেকে প্রাপ্ত রাজস্বে খেলোয়াড়দের দাবী পূরণ করেনি বোর্ড কর্তৃপক্ষ। আইসিসি থেকে পাওয়া অর্থের বিশ শতাংশ দাবী করছিলেন ক্রিকেটাররা। বাসস