ওআইসি মহাসচিব আজ ঢাকা আসছেন
প্রকাশ : ০৭ মার্চ ২০১৪, ২৩:০৫
ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সেক্রেটারি জেনারেল আইয়াদ বিন আমীন মাদানী চারদিনের সফরে আজ শনিবার বাংলাদেশ আস-ছেন। বাংলাদেশ এবং ওআইসি’র মধ্যকার সহযোগিতা সম্পর্ক জোরদারের লক্ষ্যে তিনি এই সফর করছেন বলে গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
সূত্র জানায়, মহাসচিব হিসেবে দায়িত্ব নেয়ার পর আমীন মাদানী প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন। তিনি ওআইসির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সফরকালে আগামীকাল রবিবার তিনি পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী এএমএ মুহিত ও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের সঙ্গে সাক্ষাত্ করবেন বলে আশা করা হচ্ছে। তিনি কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শনেও যাবেন বলে কূটনৈতিক সূত্র জানায়।
সৌদি আরবের সাবেক মন্ত্রী মাদানী সংস্থাটির দশম মহাসচিব হিসেবে গত ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। মহাসচিবের দায়িত্ব গ্রহণের পর যে কয়টি দেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে বাংলাদেশ অন্যতম।