ভালুকায় র্যাব পরিচয়ে তুলে নেয়া তিন ভাইয়ের সন্ধান মেলেনি

ভালুকায় র্যাব পরিচয়ে ঘরের দরজা ভেঙ্গে তিন সহোদরকে বাড়ি থেকে তুলে নেয়ার দুদিন পার হলেও তাদের কোন হদিস পাননি পরিবারের লোকজন। এদিকে তিন সন্তানকে রাতের আঁধারে তুলে নেয়ার পর বৃদ্ধ বাবা-মার আহাজারি চলছে। পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন অজানা আশঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছেন। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ভায়াবহ পূর্বপাড়া গ্রামের আসাদুল্যাহর বাড়িতে গিয়ে র্যাব পরিচয়ে অস্ত্রধারী ১০/১২ জনের কালোকাপড় পরিহিত একদল লোক প্রথমে বাড়ির লোকজনকে দরজা খুলতে বলে। এসময় ঘরের দরজা না খোলায় তারা দরজা ভেঙ্গে আসাদুল্যাহর তিন ছেলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির (ঢুয়েট) ছাত্র আবু হানিফ (২২), ভালুকা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী নাজমুল (১৮) ও ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছানোয়ারকে (১৪) কালোকাপড়ে চোখ-মুখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যায়। এ ঘটনায় তাদের ভগ্নিপতি আজিজুল হক বাদী হয়ে ভালুকা মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। জানা যায়, বৃদ্ধ কৃষক আসাদুল্যাহর পাঁচ ছেলে ও এক মেয়ে। মেয়ে আয়েশা রুমি ভাই-বোনের মাঝে সবার বড়। তার পরের ভাই মো: হাসান ৮ বছর ধরে সৌদি আরবে চাকরিরত। অপর ভাই দেলোয়ার হোসেন মানসিক প্রতিবন্ধী। আবু হানিফের বোনের স্বামী আজিজুল হক জানান, আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থায় খোঁজ নিয়ে এখনো তাদের কোন সন্ধান পাইনি। র্যাব সদর দপ্তর ঢাকায় যোগাযোগের চেষ্টা করছি। ভালুকা মডেল থানার ওসি মো:আবুল কালাম আজাদ জানান, জিডি মোতাবেক তাদের সন্ধানের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।