মির্জাপুরে বিদেশি পিস্তল গুলি ফেনসিডিলসহ গ্রেফতার চার

টাঙ্গাইলের মির্জাপুরে শুক্রবার রাতে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও ৫২ রাউন্ড গুলিসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্যাকেটে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ ফেনসিডিল পাওয়া যায়। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হচ্ছে ঢাকা জেলার ধামরাই থানার চৌহাট গ্রামের এরশাদ আলীর পুত্র দেলোয়ার হোসেন, টাঙ্গাইলের মির্জাপুর থানার নগরভাদ গ্রামের ফরহাদ মোল্লার পুত্র আরিফ মোল্লা(২৫), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দেলকুপি গ্রামের হামিদুল হকের পুত্র জামরুল ইসলাম এবং একই গ্রামের সয়োব আলীর পুত্র রফিকুল ইসলাম। মির্জাপুর থানার পুলিশের কর্মকর্তা শ্যামল কুমার দত্ত জানান, শুক্রবার সন্ধ্যায় ওয়ার্শি ইউনিয়নের দেউলিপাড়া নদীর ঘাট থেকে পিস্তল ও ম্যাগজিনসহ প্রথমে দেলোয়ার ও আরিফকে গ্রেফতার করা হয়। এরপর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আছিমতলা নামক স্থানে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে ৫০ রাউন্ড গুলি ও ফেনসিডিলসহ জামরুল ও রফিকুলকে গ্রেফতার করে পুলিশ।