আজ ২২ মে নারী জাগরণের নেত্রী স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক প্রাদেশিক পরিষদ ও সাবেক সংসদ সদস্য, স্বাধীন বাংলাদেশের প্রথম স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রী নূরজাহান মুরশিদের ৯৪তম জন্মবার্ষিকী। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে তত্কালীন পাকিস্তানে আইয়ুবের সামরিক শাসন বিরোধী রাজনৈতিক অভিযাত্রায়, সংগ্রামে, আন্দোলনে এবং মুক্তিযুদ্ধে সক্রিয় ছিলেন। তিনি ১৯৫৪ সালে ‘যুক্তফ্রন্টের’ প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ আসন থেকে প্রাদেশিক পরিষদ সদস্য পদে জয়লাভ করেন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেন। ১৯৬৯-৭১ পর্যন্ত তিনি পাকিস্তান মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর অনিশ্চিত ও ভীতিকর দিনগুলোতে যে কজন সাহসী মানুষ আওয়ামী লীগকে পুনর্গঠনের গুরুদায়িত্ব কাঁধে নেন তিনি তাঁদের অন্যতম।