গাইবান্ধায় জনতার মুখোমুখি ছয় চেয়ারম্যান প্রার্থী

দুর্নীতি বিরোধী সামাজিক সংগঠন টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটির আয়োজনে ‘জনগণের মুখোমুখি অনুষ্ঠানে’ বৃহস্পতিবার গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহণকারী ১১ জন প্রার্থীর মধ্যে ৬ জন অংশ নেন। তারা স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে ওই অনুষ্ঠানে জনগণের সামনে স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে হাত তুলে অঙ্গীকার ব্যক্ত করেন। এরা হলেন, জাতীয় পার্টি (এ) সমর্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সাবেক সংসদ সদস্য বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার, বিএনপি প্রার্থী ইউনিয়ন পরিষদ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাহাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান টুলু, আ’লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক, সিপিবি সমর্থিত প্রার্থী জেলা সিপিবির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জাতীয় পার্টির (এ) বিদ্রোহী প্রার্থী জেলা জাতীয় পার্টি নেত্রী আরাফাত আকতার নীলা ও স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা মমিন-উল হাসান জুটন। সচেতন নাগরিক কমিটির (সনাক) গাইবান্ধা শাখার সভাপতি অধ্যাপক মাজহারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘জনগণের মুখোমুখি অনুষ্ঠানে’ অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থীরা তাদের উন্নয়ন পরিকল্পনা এবং জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কিভাবে তারা উপজেলা পরিষদকে গড়ে তুলবেন সে ব্যাপারে তাদের নিজস্ব বক্তব্য জনগণের সামনে তুলে ধরেন।