হোসেনপুরে মর্যাদার লড়াই

তৃতীয় দফা চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুরে মর্যাদার লড়াইয়ে বড় দুই দলের প্রার্থীরা। প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ মোঃ আয়ুব আলী (আনারস), একই দলের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক (কাপপিরিচ)। বিএনপি’র একক প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মবিন (দোয়াত কলম)। সিপিবি মনোনীত প্রার্থী মোঃ সোহরাব উদ্দিন মোড়ল (মোটরসাইকেল)। বিগত তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছিলেন জাতীয় পার্টি থেকে মোঃ আব্দুল কাদির স্বপন। এবারের নির্বাচনে জাতীয় পার্টি ও জামায়াতে কোন প্রার্থী নেই। উত্সবমুখর পরিবেশে চলছে প্রচার-প্রচারণা, পথসভা, সমাবেশ ও গণসংযোগ। প্রতিনিয়ত পাল্টাচ্ছে ভোটের হিসাব-নিকাশ। চায়ের দোকান, হাট-বাজার, অফিস-আদালত ও গ্রামাঞ্চলে সর্বত্রই আলোচিত হচ্ছে কে হচ্ছেন এ উপজেলা পরিষদের চেয়ারম্যান। বিএনপি সমর্থিত একক ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক অধ্যাপক নূরুল আমীন পারভেজ (উড়োজাহাজ)। আওয়ামী লীগে দুইজন প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান মোবারিছ (তালা) ও আশরাফ হোসেন কবির (চশমা)। আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা সারোয়ার (হাঁস)। বিএনপি থেকে লড়ছেন শারমিন স্বপন (প্রজাপতি) ও বেগম রোকেয়া (কলস)।