মোদি সাম্প্রদায়িক, তাকে সমর্থন করা যায় না : মমতা
প্রকাশ : ০৮ মার্চ ২০১৪, ২১:৫৩
তৃণমূল কংগ্রেস প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্টভাবে বলেছেন, নির্বাচনোত্তর পরিস্থিতিতে প্রয়োজন হলেও তিনি নরেন্দ্র মোদিকে সমর্থন করবেন না। তিনি বলেন, ‘আমি সামপ্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি না। সুতরাং নরেন্দ্র মোদির সঙ্গে আমরা যেতে পারি না। এ অধ্যায় শেষ।’
মমতা বলেন, তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতাকে সমর্থন দেবেন, কিন্তু নরেন্দ্র মোদিকে নয়। বৃহস্পতিবার রাতে টেলিভিশনের নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাত্কারে মমতা এসব কথা বলেন। মমতা বলেন, কংগ্রেস প্রসঙ্গে বলতে হয়, দলটি তার সব বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।
মমতাকে প্রশ্ন করা হয়, তিনি, জয়ললিতা ও মায়াবতী একযোগে কাজ করতে পারবেন কিনা—এ প্রসঙ্গে মমতা বলেন, কে বলেছে, আমরা একসঙ্গে কাজ করতে পারবো না? বাজপেয়ীর সময়ে আমরা একসঙ্গে কাজ করেছি। এছাড়া কঠোর ব্যক্তিত্বসম্পন্নরাই দেশের জন্যে কঠিন কঠিন কাজ করেন। সকলেই প্রধানমন্ত্রী হতে চান একথা মনে করিয়ে দিলে মমতা বলেন, তারা প্রধানমন্ত্রী হতে চাইলে আমি সমর্থন দেবো। নরেন্দ্র মোদি প্রসঙ্গে তিনি বলেন, গুজরাট দাঙ্গার পর আমরা এনডিএর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করিনি। মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করেছিলাম। তিনি দাবি করেন, দাঙ্গার পর পার্লামেন্টে তৃণমূল কংগ্রেস মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল।