গাজায় ক্ষেপণাস্ত্র পাঠানোর অভিযোগ অস্বীকার ইরানের

তেহরান হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় ক্ষেপণাস্ত্র পাঠানোর চেষ্টা করেছে বলে ইসরাইলের অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তারা এর প্রতিবাদ জানাচ্ছেন। ইসরাইল বলেছে, তারা বুধবার গাজা অভিমুখে একটি জাহাজ আটক করেছে যাতে সিরিয়ার তৈরি কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছিল। এসব ক্ষেপণাস্ত্র ইসরাইলের যে কোন স্থানে আঘাত হানতে সক্ষম। এ বিষয়ে জাকার্তায় এক সরকারি সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওয়াশিংটনে। আর এ সময়েই ইসরাইলের এ জাহাজ আটকের ঘটনা কি কেবলই কাকতালীয়? তিনি বলেন, নেতানিয়াহু কি কোন সাধু যিনি অলৌকিক ঘটনা ঘটাতে পারেন। যদি না পারেন তাহলে এটি মিথ্যা। পুরোটাই মিথ্যা। এ ধরনের কথা বলার পাশাপাশি তিনি বলেন, আমরা একে সত্য নয় আখ্যায়িত করে ভবিষ্যতে এ ধরনের কথা না বলার জন্য ইসরাইলকে আহবান জানাচ্ছি। উল্লেখ্য, এর আগে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বৈঠকে নেতানিয়াহু বলেছিলেন, ইরানের পারমাণবিক কার্যক্রম অবশ্যই বন্ধ করতে হবে। অন্যথায় পশ্চিমা বিশ্ব এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, বেশি বেশি চাপ তৈরির মাধ্যমে দেশটিকে তার পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি থেকে নিবৃত্ত করা যাবে। সেক্ষেত্রে দেশটির ওপর অবরোধ দেয়ার পরিমাণ বাড়াতে হবে। তিনি বলেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া অব্যাহত রেখে ‘মারাত্মক ভুল’ করবে।