সোমালিয়ায় আল শাবাবের ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছে আফ্রিকান ফোর্স
প্রকাশ : ০৮ মার্চ ২০১৪, ২১:৫৪
সোমালিয়ার কৌশলগত আঞ্চলিক রাজধানী হুদুর, যা জঙ্গি সংগঠন আল শাবাবের শক্ত ঘাঁটি বলে পরিচিত সেই শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে আফ্রিকান ইউনিয়ন ফোর্স। তবে তাদের এ দাবির বিরোধিতা করেছে আল শাবাব। সোমালিয়া সরকারের পক্ষে কাজ করা আফ্রিকান ইউনিয়ন ফোর্স দাবি করেছে তারা হুদুরের নিয়ন্ত্রণ নেয়ার পর আল-কায়েদা সহযোগী সংগঠন বিদ্রোহী আল শাবাব পিছু হটেছে। অন্যদিকে আল শাবাব দাবি করেছে, হুদুরের নিয়ন্ত্রণ তাদের দখলেই রয়েছে। জাতিসংঘ সমর্থিত আফ্রিকান ইউনিয়ন ফোর্সের মুখপাত্র কর্নেল আলী আদেন হাউমেদ শুক্রবার এক বিবৃতিতে বলেন, বাকুল প্রদেশের হুদুর থেকে আল শাবাবকে হটিয়ে নিয়ন্ত্রণ নেয়া হয়েছে। আল শাবাবের জঙ্গিরা পিছু হটার আগে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল। তবে যৌথবাহিনীর সামনে টিকতে না পেরে তারা পালিয়ে গেছে।