হার দিয়ে শুরু মেয়েদের
প্রকাশ : ০৮ মার্চ ২০১৪, ২২:১২
পাকিস্তানের বিপক্ষে টানা দুটি ওয়ানডে জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুতে নারী ক্রিকেট দলের জয় চাওয়াটা আকাশ-কুসুম কোন স্বপ্ন ছিল না। কিন্তু অতি সম্ভব সেই জয় পাওয়া হল না বাংলাদেশের মেয়েদের। গতকাল শনিবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের কাছে ১৩ রানে হারলো সালমা খাতুনের দল। আজ একই ভেন্যুতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
বাংলাদেশের মেয়েরা দুই ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে একমাত্র টি-টোয়েন্টিতে নেমেছিল । কক্সবাজারে টসে হেরেও শুরুটা দারুণ করেছিল স্বাগতিকরা। তবে পাকিস্তানি ওপেনার জাভেরিয়া খানের ফিফটিতে চার উইকেটে সফরকারীরা করে ১২৬ রান। জবাবে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ১১৩ রানে থামে বাংলাদেশ। হার মানতে হয় ১৩ রানে।
শেষ ওভারে জয়ের জন্য ১৮ রান প্রয়োজন পড়লেও লতা মন্ডল ও নুজহাত তাসনিয়া মাত্র পাঁচ রানের বেশি করতে পারেননি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন ফারজানা হক। এছাড়া শামিমা সুলতানা ১৮ ও রুমানা আহমেদ ১৬ রান করেন। আশমাভিয়া ইকবাল খোখার দুটি উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ও চতুর্থ ওভারে ১১ ও ১২ রানে পাকিস্তান প্রথম দুটি উইকেট হারায়। ব্যক্তিগত ৬ রানে লতা মন্ডলের শিকার হন ওপেনার সৈয়দা ফাতিমা আবিদি। পরের ওভারে মারিনা ইকবালকে খালি হাতে নুজহাত তাসনিয়ার ক্যাচ বানান পান্না ঘোষ।
এরপর ১০৯ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ায় জাভিয়া ও বিসমাহ ?মারুফের জুটিতে। ৪৮ বলে পাঁচটি চারে ফিফটি করে জাভেরিয়া ৫৮ রানে সাজঘরে ফিরলে এই জুটি ভাঙে। চার বল বাকি থাকতে জাহানারা আলমের কাছে বোল্ড হন। শেষ ওভারের পঞ্চম বলে ৩৯ রানে রান আউট হন বিসমাহ মারুফ।
চার রানে অপরাজিত ছিলেন আশমাভিয়া ইকবাল খোখার ও সানি ইকবাল। বাংলাদেশের জাহানারা আলম, লতা মন্ডল ও পান্না ঘোষ একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
টস: পাকিস্তান
পাকিস্তান: ২০ ওভারে ১২৬/৪ (জাভেরিয়া ৫৮, বিসমাহ ৩৯; পান্না ১/৪, লতা ১/১৮, জাহানারা ১/২৩)
বাংলাদেশ: ২০ ওভারে ১১৬/৬ (ফারজানা ৩৫, শামিমা ১৮, রুমানা ১৬, আয়েশা ১২; আশমাভিয়া ২/২২)
ফলাফল: পাকিস্তান ১৩ রানে জয়ী
ম্যাচ সেরা: জাভেরিয়া খান