গুলশান লেকের সৌন্দর্য
ফেরাতে শোভাযাত্রা
প্রকাশ : ০৮ মার্চ ২০১৪, ২২:২৪
দূষণমুক্ত গুলশান লেকের প্রকৃত পরিবেশ ফিরিয়ে আনতে গতকাল জনসচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে পরিবেশ অধিদপ্তর। এতে বিভিন্ন সামাজিক সংগঠনসহ গুলশান-বারিধারার বিশিষ্ট অধিবাসীরা অংশগ্রহণ করেন। সরকার ঘোষিত ‘প্রতিবেশগত সঙ্কটাপন্ন এলাকা’ হওয়ায় এ অঞ্চলের পরিচ্ছন্নতা এবং লেকের সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য এ সময় সচেতনতামূলক বিভিন্ন লিফলেট বিলি, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। গতকাল পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মো. শফিকুর রহমান পাটোয়ারী নেতৃত্বে শোভাযাত্রাটি বনানী চেয়ারম্যান বাড়ির মাঠ থেকে শুরু হয়ে গুলশানের ৩৪ নং সড়কের পশ্চিম প্রান্তে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে পরিবেশ সচিব বলেন, সরকারের একার পক্ষে কখনো কোনো কাজ সম্পূর্ণরূপে সফল করা সম্ভব হয় না। তাই রাজধানীর পরিবেশ রক্ষায় বিভিন্ন সরকারি সংস্থার পাশাপাশি নাগরিক সমাজেরও অংশগ্রহণ প্রয়োজন।
শোভাযাত্রায় পরিবেশ ও বন মন্ত্রণালয়, রাজউক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা, ঢাকা জেলা প্রশাসন, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড, বন অধিদপ্তর, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি সংস্থা এবং গুলশান সোসাইটি, গুলশান লেডিস ক্লাব, গুলশান ইয়ুথ ক্লাব, বনানী সোসাইটি, বারিধারা সোসাইটি, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নবারুন সংঘ, গ্রীণ বেল্ট ট্রাস্ট, গ্রীন সেভারস এসোসিয়েশন, আইইউসিএন, সিইজিআইএস, বাংলাদেশ এসোসিয়েশন ফর সোস্যাল এডভান্সমেন্ট (বাসা), উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটিসহ বিভিন্ন বেসরকারি ও নাগরিক সংগঠন অংশগ্রহণ করে।