মোহাম্মদপুরে ডাকাতি স্বর্ণালংকার ও টাকা লুট

রাজধানীর মোহাম্মাদপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল হালিমের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ১৬ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। শুক্রবার রাতে তাজমহল রোডের সি ব্লকের ২৩/৯ নম্বর বাড়ির ২য় তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোহাম্মাদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মোহাম্মাদপুর থানার ওসি আজিজুল হক জানান, রাত সাড়ে ১১টার দিকে আব্দুল হালিমের দ্বিতীয় স্ত্রী নাইমা সুলতানা বাসার ড্রয়িং রুমে টিভি দেখছিলেন। ঐ রাতে তিনি একাই বাসায় ছিলেন। এসময় বাসার দরজা খোলা ছিল। প্রথমে এক ডাকাত ড্রয়িং রুমে ঢুকেই টাকা ও স্বর্ণালংকার বের করে দিতে বলেন। এরপরই কয়েকটি গ্রুপে ভাগ হয়ে ডাকাতরা বাসার ভিতর ঢুকে পড়ে। কিন্তু নাইমা টাকা দিতে না চাইলে তার হাত-পা বেঁধে ১৬ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি আরো বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে দোতলা বাড়ির চিলেকোঠার ঘরের দরজা দিয়ে ডাকাতরা ঐ বাসায় প্রবেশ করে। ডাকাতরা ঐ বাসায় টাকা রাখার বিষয়টি আগে থেকেই জানত। তাই ধারণা করা হচ্ছে, ডাকাতদের কারো সাথে ঐ পরিবারের যোগাযোগ ছিল। ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।