শিক্ষা উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নামে প্রতারণা করার অভিযোগে মোহাম্মদ ওসমান (২৬) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওসমান খাগড়াছড়ি জেলার মানিকছড়ি এলাকার আবদুল ওয়াদুদের পুত্র। ওসমান এক ছাত্রলীগ নেত্রীর সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ারও চেষ্টা করেন। এছাড়া আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক এটলির সঙ্গেও প্রতারণার চেষ্টা করেছেন।
সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) নোবেল চাকমা বলেন, ওসমান উপমন্ত্রীর নামে বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে প্রতারণার কথা স্বীকার করেছেন। ছাত্রলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলে ঢাবির মধুর ক্যান্টিনে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। তাতে আহত হন রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রাবণী দিশা। ওই সময় দিশার মোবাইল নম্বর সংগ্রহ করে ওসমান দিশাকে ফোন দেন। এ সময় তিনি নিজেকে উপমন্ত্রী নওফেল বলে দাবি করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার আশ্বাস দেন। ১৮ মে দিশাকে নওফেল পরিচয়ে ফোন করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পাইয়ে দিতে দুই লাখ টাকা দাবি করেন ওসমান। এদিকে প্রতারণার খবর প্রকাশ পেলে চট্টগ্রামে উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারী নাজিউর রহমান শিকদার অনীক কোতোয়ালি থানায় অভিযোগ করেন।