সংরক্ষিত আসনে জাপার ৬ জন মনোনয়নপত্র জমা দেবেন আজ
প্রকাশ : ০৮ মার্চ ২০১৪, ২২:৫৩
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের সহোদর জিএম কাদের সংসদ থেকে ছিটকে পড়ার পর এবার একই অবস্থা হয়েছে তার স্ত্রী শেরিফা কাদেরেরও। এরশাদ চাইলেও রওশন এরশাদের আপত্তির কারণে দশম সংসদে সংরক্ষিত আসনে কাদের পত্নী শেরিফা দলের মনোনয়ন পাননি। পেয়েছেন এরশাদের বোন মেরিনা রহমানসহ ছয় জন। তারা আজ রবিবার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেবেন। এর মধ্য দিয়ে চলতি সংসদে এরশাদই একমাত্র ব্যক্তি, যার স্ত্রী ও বোন এই সংসদের সদস্য।
মেরিনা রহমান ছাড়াও অন্য যে পাঁচজন জাপার মনোনয়ন পেয়েছেন তারা হলেন- জাতীয় মহিলা পার্টির সভানেত্রী নূর-ই-হাসনা লিলি চৌধুরী, মাহ্যাবীন মোরশেদ, অধ্যাপিকা রওশন আরা মান্নান, রংপুর জেলা মহিলা পার্টির সভানেত্রী শাহানারা বেগম ও কক্সবাজার জেলা মহিলা পার্টির সভানেত্রী খুরশীদা হক। এর মধ্যে লিলি চৌধুরী ও মাহ্যাবীন মোরশেদ নবম সংসদেও সংরক্ষিত আসনে জাপার এমপি ছিলেন। মেরিনা রহমান ও অধ্যাপিকা রওশন আরা মান্নানও এর আগে এমপি ছিলেন। আর নবম সংসদে সংরক্ষিত আসনের এমপি থাকা জাপার অন্য দু’জন নাসরিন জাহান রত্না আমিন হাওলাদার ও এডভোকেট সালমা ইসলাম এবার সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন।
বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী গতকাল ইত্তেফাককে জানান, মনোনয়নপ্রাপ্ত ছয়জনের হাতে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ গতকাল শনিবার মনোনয়ন ফরম তুলে দিয়েছেন। সেগুলো পূরণ করে আজই নির্বাচন কমিশনে জমা দেয়ার জন্য তাদেরকে বলে দিয়েছেন রওশন। মনোনয়ন ফরম প্রাপ্তির কথা স্বীকার করেছেন মাহ্যাবীন মোরশেদসহ অন্যরা।
জানা গেছে, যে ছয়জন মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে এরশাদ ও রওশনের যৌথ সম্মতি ছিল মেরিনা রহমান, মাহ্যাবীন মোরশেদ, শাহানারা বেগম ও খুরশীদা হকের বিষয়ে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে রওশনের সঙ্গে গত প্রায় দেড় মাস বিতর্ক শেষে জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের এবং নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা জাপার সভাপতি মৌসুসী ইসলামকেও এমপি করতে অনঢ় ছিলেন এরশাদ। কিন্তু রওশন রাজি না হওয়ায় তা সম্ভব হয়নি। রওশনসহ দলের বেশিরভাগ এমপির বিবেচনায় সেখানে ঠাঁই পেয়েছেন লিলি চৌধুরী ও রওশন আরা মান্নান।
সূত্রমতে, অন্তত শেরিফা কাদেরকে যেন মনোনয়ন দেয়া হয়, সেজন্য শুক্রবার রাতেও শেষ চেষ্টা করেছেন এরশাদ। বাহক মারফত বারবার বার্তা পাঠিয়েছেন রওশনের কাছে। কিন্তু শেরিফা কাদেরকে মনোনয়ন না দেয়ার সিদ্ধান্তে অটল থেকেছেন রওশন।