ঢাকা মেডিক্যাল থেকে নবজাতক চুরি

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু কেবিন থেকে নবজাতক চুরির অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে হাসপাতালের ২১১ নম্বর শিশু কেবিন থেকে নবজাতক চুরি হয় বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা খোকন মিয়া। ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। খোকন মিয়া জানান, বুধবার সন্ধ্যায় তিনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী শেফালী বেগমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। বৃহস্পতিবার ভোরে শেফালি একটি কন্যা সন্তান প্রসব করেন। শিশুটি শ্বাসকষ্টে ভোগায় তাকে ২১১ নম্বর শিশু কেবিনে রাখা হয়। শুক্রবার রাতে শিশুটিকে দেখতে গেলে তিনি আর তাকে খুঁজে পাননি। তিনি ঘটনাটি দ্রুত শিশু কেবিনে দায়িত্বরত চিকিত্সক ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। কিন্তু কেউই নবজাতক সম্পর্কে কোনো তথ্য দিতে পারে না। পরে খোকন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমানের সঙ্গে দেখা করেন এবং লিখিত অভিযোগ করেন। শিশু ওয়ার্ডের চিকিত্সক আবিদ হোসেন মোল্লা জানান, শিশু ওয়ার্ডে চিকিত্সাধীন রোগী ছাড়ার সময় অভিভাবকদের হাতেই শিশুদের তুলে দেয়া হয় এবং একই সঙ্গে তাদের হাতে ছাড়পত্র দেয়া হয়। চিকিত্সা শেষে ওই শিশুটিকেও তার অভিভাবকের হাতেই তুলে দেয়া হয়েছিল। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার মোস্তফিজুর রহমান সাংবাদিকদের জানান, অভিযোগ পাওয়া গেছে, তাই বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।