চট্টগ্রামে গভীর সমুদ্র
বন্দর নির্মাণ বর্তমান
সরকারের লক্ষ্য
প্রকাশ : ০৮ মার্চ ২০১৪, ২২:৫৬
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের শিখরে নিয়ে যেতে বর্তমান সরকারের ৬টি অগ্রাধিকার ভিত্তিক পরিকল্পনার মধ্যে চট্টগ্রামে গভীর সমুদ্র বন্দর নির্মাণ একটি অন্যতম লক্ষ্য। তিনি দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে ঢাকা-চট্টগ্রামের মধ্যে গতিশীল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান চট্টগ্রাম বন্দরের মানোন্নয়ন, চীনা কোম্পানীর অর্থায়নে জ্বালানি তেলের নতুন রিফাইনারি স্থাপন এবং পদ্মা সেতু নির্মাণ কাজ সরকার অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবে।
গতকাল শনিবার বিকালে চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দানে চট্টগ্রাম চেম্বার আয়োজিত মাসব্যাপী ২২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে উপরের কথাগুলো বলেন। ওয়াজিউল্লাহ ইনস্টিটিউট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মেলার উদ্বোধন ঘোষণ করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বক্তব্য রাখেন এমএ লতিফ এমপি, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম এবং ভাইস প্রেসিডেন্ট সৈয়দ জামাল আহমেদ।