ইসলামবিরোধীদের সমর্থন দিলে কিয়ামতে দায়ভার নিতে হবে :পীর সাহেব

মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধ ও ভ্রাতৃত্ব কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ চরমোনাই’র বার্ষিক তিনদিনব্যাপী ওয়াজ মাহফিল গতকাল শনিবার সমাপ্ত হয়েছে। লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে আমিরুল মুজাহিদীন পীর সাহেব মাওলানা সৈয়দ মোঃ রেজাউল করিম আখেরী মোনাজাত পরিচালনা করেন। সকাল সাড়ে ৮টায় থেকে ৩০ মিনিটের মুনাজাতে পীরসাহেব বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও নিরাপত্তার জন্য দোয়া করেন এবং বাংলার জমিনে ইসলামি হুকুমাত কায়েম হতে পারে তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। মোনাজাত চলাকালে ‘আমিন আমিন’ ধ্বনিতে প্রায় ১০ কিলোমিটার এলাকার ৪টি ময়দান সরগরম হয়ে উঠে। আল্লাহ’র কৃপালাভের আশায় মুসল্লীদের উচ্চ স্বরে কান্নায় এসময় কীর্তনখোলার প্রান্তর এক পবিত্র পরিবেশে রূপ নেয়। মাহফিলের জন্য নির্ধারিত ৪টি ময়দানের পুরো প্যান্ডেল কানায় কানায় আগেই পূর্ণ হয়েছিল। আখেরি মোনাজাতে অংশ নিতে আরো কয়েক লাখ মুসল্লী সেখানে জড়ো হন। ভোরের আলো ফোটার সাথে সাথেই কীর্তনখোলা পাড়ি দিয়ে লাখ লাখ মুসল্লি সেখানে জড়ো হয়। তারা অধিকাংশই মাহফিলের কোন ময়দানে ঠাঁই না পেয়ে পার্শ্ববর্তী বিভিন্ন বাড়িঘর, ভবনের ছাদ ও গাছের ডালে উঠে মোনাজাতে শরীক হয়েছেন। কোথাও স্থান সংকুলান না হওয়ায় কীর্তনখোলা নদীতে নোঙ্গর করা শত শত নৌযানে বসে হাজার হাজার মানুষকে মোনাজাতে অংশ নিতে দেখা গেছে। মোনাজাতের পূর্বে মুসল্লিদের উদ্দেশে পীরসাহেব মাওলানা সৈয়দ মুফতী রেজাউল করিম বলেন, যারা আল্লাহর রাসুলের নীতি অনুসরণ করে না তারা কিয়ামতের দিনে নবীজীর সুপারিশ পাবে না। কলব (মন) পরিষ্কার হওয়ার একমাত্র ঔষুধ হচ্ছে জিকির। বেশি বেশি আল্লাহ পাকের জিকির করলে কলবের ময়লা দূর হয়। মৃত্যু পূর্বেই আখিরাতের জন্য প্রস্তুত হওয়া প্রত্যেক মুসলমানের দায়িত্ব। মাওলানা সৈয়দ রেজাউল করিম বলেন ইসলামের বিরুদ্ধে সমর্থন (ভোট) দেয়ার মানে হচ্ছে ইসলাম বিরোধীদের অনুসরণ করা। যারা অনুসরণ করবে তাদেরকে আখেরাতে এ অপকর্মের দায়ভার গ্রহণ করতে হবে। তিনি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য দুনিয়ার সমস্ত হারাম আয়কে বর্জন করার আহবান জানান। আখেরী মোনাজাতে বরিশাল সদর আসনের সংসদ সদস্য শওকত হোসেন হিরন ও নবনির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।