বাহরাইনে নিহত কুমিল্লার ৩ শ্রমিকের লাশ দেশে পৌঁছেছে

বাহরাইনে মানামায় অগ্নিকাণ্ডে নিহত কুমিল্লার ৩ শ্রমিকের লাশ গতকাল শনিবার দেশে পৌঁছেছে বলে নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে। শনিবার সন্ধ্যায় এমিরেটস্ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই ৩ নিহতের লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছে বলে জানা যায়। এদিকে নিহতদের বাড়িতে এখন চলছে কেবলই শোকের মাতম। জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাহরাইনের রাজধানী মানামায় স্থানীয় সময় রাত আড়াইটার পর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে একই কক্ষের ৩ বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। নিহতরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের রামপুর গ্রামের নাজির আহাম্মদের পুত্র মোশাররফ হোসেন (৩২), একই গ্রামের গফুর মিয়ার পুত্র জালাল উদ্দিন (৩০) ও একই উপজেলার ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামের সিদ্দিক মিয়ার পুত্র দুলাল মিয়া (৩০)।