খুলনায় আকিজ গ্রুপের ‘গরীবের হাসপাতাল’ উদ্বোধন

জেলায় আদ-দ্বীন আকিজ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নামে আকিজ গ্রুপের একটি বিনামূল্যে চিকিত্সা সেবার কেন্দে র কার্যক্রম গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বরেণ্য আইনজীবী ও আদ-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার রফিক-উল-হক গতকাল এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এই প্রতিষ্ঠানকে ‘গরীবের হাসপাতাল’ উল্লেখ করেন বলেন, এখানে মানসম্মত মেডিক্যাল শিক্ষার পাশাপাশি হাসপাতাল থেকে প্রায় বিনামূল্যে চিকিত্সা সেবা পাবেন এ অঞ্চলের মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শিল্পপতি শেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী মোসাম্মত্ সখিনা বেগম ও মনোয়ারা বেগম, সিটি মেয়র মনিরুজ্জামান মনি, সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদী সুজা, খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুন-আর-রশীদ, আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বসির উদ্দিন, গ্রুপের পরিচালক শেখ আফিল উদ্দিন এমপি, শেখ মোমিন উদ্দিন, এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মামুন পারভেজ প্রমুখ।