বৈশাখে ফয়সালের তৃতীয় অ্যালবাম ‘শুধু ভালোবাসা’

আসছে পহেলা বৈশাখ উপলক্ষে ফয়সাল রাব্বিকীনের কথা-আয়োজনে সিডি চয়েজের ব্যানারে প্রকাশ পাচ্ছে তারকাবহুল মিশ্র অ্যালবাম ‘শুধু ভালোবাসা’। এটি তার কথা-আয়োজনের তৃতীয় মিশ্র অ্যালবাম। এর আগে গত বছর ভালোবাসা দিবসে তার কথায় প্রকাশ পাওয়া ‘লাভ ডুয়েটস’ এবং কোরবানি ঈদে ‘হূদয়জুড়ে’ শীর্ষক অ্যালবাম দুটি থেকে বেশ কিছু গানই জনপ্রিয়তার মুখ দেখে। অ্যালবামের কিছু গানের মিউজিক ভিডিও প্রকাশ পেয়েও প্রশংসিত হয়। এরই ধারাবাহিকতায় এবার নিজের এই তৃতীয় মিশ্র অ্যালবামের কাজ শুরু করলেন রাব্বিকীন। সিনিয়র ও চলতি প্রজন্মের তারকা শিল্পী-সংগীত পরিচালকরই থাকছেন এই অ্যালবামে। এবার অ্যালবামে থাকছে মোট ১০টি গান। দ্বৈত গানের পাশাপাশি অ্যালবামে দুটি একক গানও থাকছে। চলতি মাসের মধ্যেই অ্যালবামের সবগুলো গানের রেকর্ডিংয়ের কাজ শেষ হবে। তবে আগের দুটি অ্যালবাম থেকে কথা-সুর-সংগীতায়োজনে এবার ভিন্নতা খুঁজে পাওয়া যাবে। কারণ এবার বেশ কিছু শিল্পী ও সংগীত পরিচালকে পরিবর্তন আসছে। রোমান্টিক ও স্যাড রোমান্টিক কথায় মেলোডি, সফট রক ও ফিল্মি ঘরানার গানই বেশি স্থান পাচ্ছে এখানে। এ বিষয়ে ফয়সাল রাব্বিকীন বলেন, ‘গত দুটি অ্যালবামের গান শ্রোতারা অনেক পছন্দ করেছেন। এটাই মূল প্রাপ্তি। এবার শ্রোতাদের উত্সাহ-অনুপ্রেরণা নিয়েই তৃতীয় অ্যালবামের কাজ গোছাচ্ছি। আগের দুটি থেকে ভিন্ন স্বাদের গান এই অ্যালবামে শ্রোতারা পাবেন।’