প্রতি বছর একটি বা দুটি চলচ্চিত্র উপহার দেব :টুটুল
প্রকাশ : ০৯ মার্চ ২০১৪, ২০:০৬
তরুণ নির্মাতা শাহীন কবির টুটুল তার প্রথম চলচ্চিত্র ‘এইতো ভালোবাসা’র পর পরবর্তী একটি চলচ্চিত্র নয়, একসাথে দুটি চলচ্চিত্রের কাজে হাত দিয়েছেন। প্রথম ছবি ‘এইতো ভালোবাসা’ চলচ্চিত্র নিয়ে অল্প বাজেট আর আলোচনা-সমালোচনার কমতি ছিল না। তবুও প্রথম ছবির ব্যবসায়িক সাফল্যে উের গেছেন তিনি গানের বাজার দিয়ে। তবে এবারে বেশ আটঘাট বেঁধেই নামছেন। টুটুলের কথায়, ‘এর আগের ছবিটা একটি চ্যানেলের সাথে ছিল। প্রথমে সেটি ছিল টেলিফিল্ম পরে আমরা চলচ্চিত্র বানিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছি। তাই সেটা মেনেই কাজটি করেছি। কিন্তু আমার পরবর্তী ছবি ‘গোল্লাছুট’-এর ব্যাপারে কোনো ছাড় দিচ্ছি না। এরই মধ্যে নির্মাতা তার চলচ্চিত্রের কাস্টিং ফাইনাল করলেও এখনও নির্মাতা নাম প্রকাশ করতে চাইছেন না। তবে বাজারে বহু প্রচারিত গুঞ্জন চলছে যে, টুটুলের ছবিতে প্রথমবারের মতো সজল চলচ্চিত্রে অভিষেক করতে যাচ্ছেন। কিন্তু বিষয়টির সত্য-মিথ্যা কোনো কিছু নিয়েই মুখ খুলছেন না। নির্মাতার কথায়, ‘খুব হিসাব করেই এগোচ্ছি। তাই এ বিষয়টি পুরেপুরি চমক হিসেবেই থাকুক।’ এদিকে চলচ্চিত্রের গানের ব্যাপারে এরই ভেতরে বেশ কিছু গান চূড়ান্ত হয়ে গেছে। চলচ্চিত্রের গানের প্রাজ্ঞ সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলসহ তরুণ গীতিকার, সুরকার কাজ করছেন।
এ ছাড়া ‘গোল্লাছুট’ পরবর্তী ছবির নামও এখনই বলবেন না। তবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ইতিবাচক সাড়া নিয়েই টুটুল তার চলচ্চিত্রের নিয়মিত যাত্রা শুরু করছেন এটা নির্দ্বিধায় বলা যায়। টুটুল বলেন, ‘এখন থেকে প্রতি বছর একটি বা দুটি চলচ্চিত্র আমি উপহার দেব। এ বছর থেকেই নতুন এই ধারাবাহিক যাত্রা শুরু করলাম।’