জনবল সংকটে ধুঁকছে তালা স্বাস্থ্য কমপ্লেক্স
গাজী জাহিদুর রহমান, তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশ : ০৯ মার্চ ২০১৪, ২০:৩২
সাতক্ষীরার তালা উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি জনবল সংকটে ধুঁকছে। সরকারিভাবে মঞ্জুরীকৃত গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে জনবল সংকটের কারণে জনগণের স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম দারুণভাবে ব্যাহত হচ্ছে। উপজেলায় তিন লক্ষ মানুষের সেবা করার জন্য নিয়োজিত রয়েছেন মাত্র দুইজন ডাক্তার। প্রতিদিন দুই ডাক্তারকে সামলাতে হচ্ছে শত শত রোগী।
এছাড়া প্রথম শ্রেণির ৩৩ টি পদের মধ্যে ২৬টি পদ শূন্য রয়েছে হাসপাতালে। কর্মরত ৭ জন ডাক্তারের মধ্যে একজন ডেপুটেশনে, একজন বুনিয়াদি প্রশিক্ষণ, একজন কম্পিউটার প্রশিক্ষণে,একজন অর্জিত ছুটিতে রয়েছেন। বর্তমানে হাসপাতালে যে দুইজন ডাক্তার রোগী দেখছেন, তারা হলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম জাহিরুল হাসান এবং অপরজন ভারপ্রাপ্ত আরএমও ডাঃ জোতির্ময় সরকার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাসপাতালে প্রথম শ্রেণি হতে চতুর্থ শ্রেণি পর্যন্ত মঞ্জুরীকৃত ১৮৩ টি পদের বিপরীতে ১২৪ জন কর্মরত থাকলে অনেকেই ডেপুটেশনসহ বিভিন্ন কারণে অফিস করেন না।বাকী ৫৯ টি পদে কোন জনবল না থাকায় জনগণের স্বাস্থ্য সেবা প্রদান করতে কর্তৃপক্ষ একদিকে যেমন হিমশিম খাচ্ছেন, অন্যদিকে সেবা প্রত্যাশী রোগীরাও চরমভাবে উপেক্ষিত ও বঞ্চিত হচ্ছেন।
তালা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম জাহিরুল হাসান বলেন, চিকিত্সকসহ বিভিন্ন পদে জনবল সংকটের কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ডাঃ আছাদুজ্জামান নামে হাসপাতালের একজন চিকিত্সক প্রায় তিন মাস যাবত্ অফিস করেন না একথা তাকে জানালে তিনি তা স্বীকার করে বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।